মাছচাষিকে কুপিয়ে হত্যা
যশোরের চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামে আবদুল আলীম (২৮) নামে এক মাছচাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আলীম চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে।
এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, স্থানীয় একটি পক্ষের সঙ্গে আলীমের শত্রুতা ছিল। ওই শত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, আলীম কয়েকজনকে নিয়ে লস্করপুর গ্রামের বিলে মাছের চাষ করতেন। ঘটনার সময় আলীম ওই মাছের ঘের থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তাঁর আর্তচিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। পথেই তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য পুলিশ আবদুল আলীমের লাশ যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।