মাছচাষির হাত-পা ভেঙে দিলেন ইউপি সদস্য?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মাছচাষির হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ওই মাছচাষির নাম ওয়াসিম (৩৫)। তিনি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সাচনা গ্রামের বরকত মিয়ার ছেলে। ওয়াসিমকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। কৃত্রিমভাবে তাঁর শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
ওয়াসিমের ভাই হাসেম মিয়া বলেন, ওয়াসিম এলাকার ছোট পুকুর, ডোবা ও জলাশয় ইজারা নিয়ে মাছ চাষ করেন। ১৫ দিন আগে কুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল হোসেন ওয়াসিমের কাছে মাছ চেয়েছিলেন। গত ৩০ ডিসেম্বর বাবুলকে কিছু মাছ পৌঁছে দেন ওয়াসিম। কিন্তু পরিমাণে কম হওয়ায় বাবুল তা ফেরত দেন। এ নিয়ে ওয়াসিমের সঙ্গে কথা-কাটাকাটি হলে বাবুল তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। গত বুধবার এলাকার একটি পুকুরে মাছ ধরছিলেন ওয়াসিম। ওই দিন রাত আটটার দিকে বাবুল লোকজন নিয়ে ওয়াসিমের ওপর হামলা চালান। তাঁরা হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে ওয়াসিমের দুই হাত ও দুই পা ভেঙে দেন। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন অংশে চাপাতি দিয়ে কোপানো হয়। একপর্যায়ে অচেতন হয়ে মাটিতে পড়ে গেলে মৃত ভেবে তাঁরা চলে যান। ঘটনার পরের দিন ওয়াসিমের স্ত্রী মনোয়ারা বেগম ধামরাই থানায় মামলা করেন। মামলায় বাবুলসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
গতকাল এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, আইসিইউতে ওয়াসিম অচেতন অবস্থায় আছেন। তাঁর দুই হাত ও দুই পায়ে ব্যান্ডেজ।
জানতে চাইলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ইয়াসমিন খানম বলেন, প্রচণ্ড আঘাতে ওয়াসিমের হাত-পা টুকরো টুকরো হয়ে গেছে। পেটের ভেতরে রক্তক্ষরণ হয়ে জমে ছিল। কৃত্রিমভাবে তাঁর শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন।
ঘটনার পর থেকে বাবুল হোসেন পলাতক থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ধামরাই থানার ওসি রিজাউল হক বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যার উদ্দেশ্যেই ওয়াসিমের ওপর হামলা চালিয়েছেন বাবুল।