মাছে ফরমালিন, দুই সুপার শপকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছে ফরমালিন মেশানোর কারণে সুপার শপ স্বপ্ন ও খুলশী মার্টকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এই অভিযান পরিচালনা করেন।

স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস বলেন, মাছে ফরমালিন দেওয়ায় গোলপাহাড় মোড় এলাকায় সুপার শপ স্বপ্ন এবং খুলশী এলাকার খুলশী মার্টকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। স্বপ্নে অস্বাস্থ্যকর পরিবেশে মাছ, ফলসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে।

এদিকে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন নগরের রেয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরের চান্দগাঁও, চকবাজার, বক্সির হাট ও রেয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে ১৬ প্রতিষ্ঠানকে ৯৮ হাজার টাকা জরিমানা করেন। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী, শান্তা রহমান ও আবদুস সামাদ শিকদার এ অভিযান চালান। ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্যতালিকা না রাখা, অনুমোদনহীন ওজন মেশিন ব্যবহার এবং অতিরিক্ত মূল্য আদায় করায় এই জরিমানা করা হয়।