মাছের আড়তে ডাকাতির ঘটনায় পুলিশ জড়িত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় ১৭টি মাছের আড়তে ডাকাতির ঘটনায় পুলিশের জড়িত থাকার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এদিকে কর্তব্যে অবহেলার অভিযোগে হারতা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ও ১৮ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। ডাকাতের হামলায় একজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

হারতা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ বাড়ৈ বলেন, ডাকাতেরা গত মঙ্গলবার সন্ধ্যায় স্পিডবোটে করে হারতা বন্দরের উত্তর পাড়ের ঘাটলায় নামে। পরে দুই দলে বিভক্ত হয়ে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে মৎস্যবাজারে ঢোকে। ডাকাতেরা কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে ব্যবসায়ীদের জিম্মি করে ফেলে। এরপর বাজারের ১৭টি আড়তে হামলা চালায়। ব্যবসায়ীদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে কোটি টাকারও বেশি লুট করে নিয়ে যায়। ডাকাতের হামলায় মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সোহরাব ব্যাপারী নিহত হন।

সোহরাব ব্যাপারীর আড়তের ক্যাশিয়ার নূর আলম বলেন, ‘মাগরিবের নামাজের পরপরই ডাকাতরা বন্দরের দুই দিক দিয়া বোমার বিস্ফোরণ ও ফাঁকা গুলি শুরু করে। চারজন ডাকাত আমার আড়তে ঢুইকা কর্মচারী ও ক্রেতা-বিক্রেতাদের শাবল দিয়া এলোপাতাড়ি পিটাইতে থাকে। আমার মালিক সোহরাব ব্যাপারীকে (৬৫) শাবল দিয়া চার-পাঁচটি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ডাকাতেরা ক্যাশ থেইকা সাড়ে পাঁচ লাখ টাকা ও বিক্রেতাদের কাছ থেকে অন্তত আড়াই লাখ টাকা লুট কইরা নিয়া গেছে।’

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, পুলিশের হিসাব অনুযায়ী, ডাকাতের লুট করে নেওয়া টাকার পরিমাণ ৬৭ লাখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডাকাতের হামলায় নূর আলম, আকবর, আরিফ হোসেন, সজল মণ্ডল, উত্তম বাড়ৈ, নজরুল ইসলাম, ইউনুস আকন এবং বোমার আঘাতে অঞ্জনা রানি, ব্যবসায়ী মিলনের স্ত্রী মৌসুমি ও তাঁর তিন বছরের মেয়ে মারিয়া, সমীরণ রায়, সুশান্ত, শুভসহ অন্তত ২৫ জন আহত হন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলাশ সরকার বলেন, গুরুতর আহত সমীরণ, সুশান্ত ও শুভকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বন্দরের ব্যবসায়ী উত্তম বাড়ৈ, সালাম মোল্লা, সুভাষ রায়, নরেন্দ্র নাথ বাড়ৈসহ শতাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ডাকাতির ঘটনায় হারতা পুলিশ ক্যাম্পের পুলিশ জড়িত ছিল। তা না হলে কোনোভাবেই ডাকাতেরা পালাতে পারত না।

হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল মল্লিক বলেন, ‘আমি ক্যাম্পে গিয়ে ক্যাম্প ইনচার্জকে ডাকাত প্রতিরোধের জন্য অনুরোধ জানাই। পুলিশ এগিয়ে এলে দু-তিন হাজার ব্যবসায়ীও তাদের সঙ্গে ডাকাত প্রতিরোধ করতেন। পুলিশকে ফাঁকা গুলি করতে অনুরোধ করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’

ব্যবসায়ী ছত্তার হাওলাদার, সুবল মণ্ডলসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী ব্যক্তি বলেন, ক্যাম্প থেকে ডাকাতির স্থলটিতে আসতে নৌকায় মাত্র তিন থেকে চার মিনিট লাগে। ট্রলারে আসতে দুই মিনিট। ২৫ থেকে ৩০ মিনিট ধরে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় পুলিশ নীরব ছিল।

হারতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হরেন রায় বলেন, ‘ডাকাতির এ ঘটনায় হারতা পুলিশ ক্যাম্পের পুলিশের সংশ্লিষ্টতা আছে। তা না হলে সামান্যতম দূরত্বে থাকা পুলিশ ক্যাম্পের পুলিশ কেন নীরব ছিল? কেন ডাকাতি প্রতিরোধে আগাইয়া আসে নাই, ফাঁকা গুলি করে নাই। আমরা ভাইবা পাই না।’

অভিযোগ অস্বীকার করে এসআই মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘নদী পার হওয়ার বাহন না থাকায় ওপারে যেতে পারি নাই।’ ডাকাতির ঘটনায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে উল্লেখ করা হয়েছে—‘ডাকাতির খবর পেয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু ট্রলার না পাওয়ায় যেতে পারি নাই। ডাকাতদের মধ্যে ভীতির সৃষ্টি করতে ফাঁকা গুলি ছুড়ি।’

 তবে কয়েকজন ব্যবসায়ী ও খেয়া পারাপারের নৌকার কয়েকজন মাঝি বলেন, ওই সময় দুই পাড়েই বহু নৌকা ও ট্রলার ছিল। তাঁরা পুলিশকে নিয়ে আসার জন্য ক্যাম্পে গেলেও তারা আসেনি।

উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার বলেন, সোহরাব ব্যাপারীর ছেলে মো. খোকন ব্যাপারী অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এ ছাড়া দায়িত্বে গাফিলতি ও অবহেলার অভিযোগে গত মঙ্গলবার গভীর রাতে হারতা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মোয়াজ্জেম হোসেন ও ১৮ কনস্টেবলকে বরিশাল পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।