খুলনার গোয়েন্দা পুলিশ (ডিবি) ও লবণচরা থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাছভর্তি ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। চাঁদাবাজির প্রতিবাদে গতকাল সোমবার ভোর থেকে বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্রে ধর্মঘট পালিত হয়।
পাথরঘাটার মাছ ব্যবসায়ীরা জানান, ইলিশ মাছের পাইকারি বাজার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে রোববার সন্ধ্যায় ইলিশ মাছভর্তি পাঁচটি ট্রাক খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে চারটি ট্রাক খুলনায় থামিয়ে সেখানকার লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) মো. বাহাউদ্দিন পরিচয় দিয়ে এক ব্যক্তি রোববার গভীর রাতে ৮০ হাজার টাকা মূল্যের চার প্যাকেট ইলিশসহ সাড়ে ৫০ হাজার টাকা চাঁদা নেন। পাথরঘাটার আরেকটি ট্রাক থামিয়ে খুলনার ডিবি পুলিশের এসআই মো. কাওসার দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
ট্রাকচালক ওই টাকা দিতে অপারগতা জানালে এসআই কাওসার রাত তিনটা থেকে ট্রাকটি আটকে রাখেন। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল ভোর থেকে মাছ বিক্রি বন্ধ রেখে ধর্মঘটের ডাক দেন পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকার সমিতি ও মৎস্য ঘাট শ্রমিক ইউনিয়নসহ স্থানীয় মাছ ব্যবসায়ীরা। পরে সকাল ১০টায় এসআই কাওসার আটকে রাখা ট্রাকটি ছেড়ে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার এম সোলায়মান শেখ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশের প্রধান কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। ওই দুই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সকাল ১০টার দিকে মাছ ব্যবসায়ীরা ধর্মঘট তুলে নেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, মো. বাহাউদ্দিন নামে লবণচরা থানায় কোনো এসআই নেই। তবে ওই ঘটনায় পাথরঘাটা থেকে থানায় বেশ কিছু ফোন এসেছে।
পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকার সমিতির সভাপতি শাফায়েত হোসেন বলেন, পথে পথে চাঁদা দিতে দিতে মাছ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। চাঁদা না দিলে ট্রাক থামিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়।