মাছের পেটে জেলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি মাছের আড়তে চিংড়ি মাছের পেটে জেলি ভরে বিক্রি এবং অবৈধভাবে ইলিশ বিক্রির অভিযোগে ছয় মাছ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) ভ্রাম্যমাণ আদালত। যাঁদের জরিমানা করা হয়েছে তাঁরা হলেন মো. আফসার (২৮), রফিকুল ইসলাম (৩৪), উজ্জ্বল গায়েন (২২), এখলাছ মোড়ল (৩৪), বিধান মণ্ডল (৪২) ও হোসেন মোড়ল।
র্যা ব জানায়, গত মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে এঁদের কাছ থেকে ১০০ কেজি চিংড়ি ও ৪০০ কেজি ইলিশ আটক করা হয়। এসব মাছের মূল্য প্রায় চার লাখ টাকা।
র্যা ব-১০-এর সহকারী পুলিশ সুপার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, খুলনা, সাতক্ষীরা, চাঁদপুর, বরিশাল, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির মাছ যাত্রাবাড়ীর এই আড়তে নিয়ে আসেন এই ব্যবসায়ীরা। গভীর রাতে মাছের চালান আনার পর চিংড়ির পেটে সিরিঞ্জ দিয়ে কৃত্রিম জেলি ভরে দেওয়া হয়। এসব জেলি মানবদেহের জন্য ক্ষতিকর। এভাবে প্রতি কেজি চিংড়ির ওজন কয়েক শ গ্রাম বৃদ্ধি করা হতো।
ওই কর্মকর্তা জানান, বর্তমানে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ হলেও তা অমান্য করে বিক্রি করে আসছিলেন এই ছয় মাছ ব্যবসায়ী। র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।