মাছের সঙ্গে জালে মিলল ইয়াবা বড়ি!
নাফ নদীতে জেলেদের জালে মাছের সঙ্গে এবার ব্যাগভর্তি ইয়াবা বড়িও মিলেছে। ওই ব্যাগে পাওয়া যায় ১৬ হাজার ইয়াবা বড়ি। জেলেরা এসব ইয়াবা বড়ি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। জেলেদের সততার প্রশংসা করেছে বিজিবি।
তিন জেলে হলেন কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা মো. শরীফ হোসেন, মেহেদী হাসান ও নূর মোহাম্মদ (১৯)। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে নাফ নদীর ট্রানজিটঘাট এলাকায় তাঁদের জালেই ইয়াবা বড়ির ব্যাগ পাওয়া যায়।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার চালান টেকনাফে আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ২ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বুধবার রাত সাড়ে সাতটা থেকে পৌরসভার ট্রানজিটঘাট-সংলগ্ন নাফ নদীতে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমার থেকে আসা একটি নৌকাকে থামার সংকেত দেন বিজিবির সদস্যরা। কিন্তু নৌকাটি না থামায় ধাওয়া দিয়ে সেটি আটকের চেষ্টা করে বিজিবি। একপর্যায়ে নৌকায় থাকা যাত্রীরা একটি ব্যাগ পানিতে ফেলে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। ওই এলাকার জেলেদের বিষয়টি জানায় বিজিবি।
জেলে শরিফ হোসেন বলেন, সন্ধ্যায় নদীতে ফেলা জাল রাত সাড়ে নয়টার দিকে তোলা হয়। জালের ভেতরে মাছের সঙ্গে পলিথিনে মোড়ানো একটি ব্যাগে ইয়াবা বড়ি ছিল। পরে ব্যাগটি টেকনাফ সদর বিজিবির কোম্পানি কমান্ডারের কাছে নিয়ে যান তাঁরা।
লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, তিন জেলের জালে আটকে পড়া ব্যাগে ৪৮ লাখ টাকার ইয়াবা বড়ি ছিল। বিজিবির কাছে হস্তান্তর করে তাঁরা সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।