মাছের সঙ্গে শত্রুতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তির সঙ্গে শত্রুতার জের ধরে একটি মাছের ঘেরের প্রায় ৬০০ মণ মাছ মেরে ফেলা হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার ঘোড়দাহ গ্রামে ২০ বিঘার মাছের ঘেরে বিষ দিয়ে প্রায় ৬০০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সেই মাছ পরে কম দামে স্থানীয় বাজারে বিক্রি করে দিয়েছেন ঘেরের মালিক।

মাছ মেরে ফেলার ব্যাপারে ঘেরের মালিক আকরাম হোসেন আজ শুক্রবার সকালে ঝিকরগাছা থানায় মৌখিক অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানা-পুলিশ ও ঘেরমালিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঘেরের মাছ অস্বাভাবিক লাফালাফি করতে থাকে। কিছু মাছ পানির ওপরে ভাসতে থাকে। শত্রুতা করে কেউ ঘেরে বিষ দিয়েছে বুঝতে পেরে ঘেরের মালিক রাতেই জেলেদের ডেকে মাছ ধরা শুরু করেন। এ সময়ের মধ্যেই অন্তত কয়েক শ মণ মাছ মরে পানির ওপরে ভেসে ওঠে। তবে কারা বিষ দিতে পারে, সে সম্পর্কে কোনো ধারণা নেই বলে জানিয়েছেন ঘেরের মালিক।
এ ব্যাপারে জানতে চাইলে ঘেরের মালিক আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ধারদেনা করে ২০ বিঘার জলাশয়ে পাঙাশ মাছের চাষ করি। ওই ঘেরের মাছ এখন এক থেকে দেড় কেজি ওজনের হয়েছে। এর মধ্যে শত্রুতা করে কারা যেন ঘেরে বিষ দিয়েছে। এতে অন্তত ৬০০ মণ মাছ মরে গেছে। তিনি জানিয়েছেন, এর মূল্য কমপক্ষে ১৫ লাখ টাকা।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির উদ্দীন প্রথম আলোকে বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘেরের কয়েক শ মণ মাছ মরে গেছে। পুরোনো শত্রুতার জেরে কেউ ঘেরে বিষ দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে বিষ দিয়ে মেরে ফেলা মাছ বাজারে বিক্রি করা প্রসঙ্গে জানতে চাইলে ওসি বলেন, ‘শুনেছি গরিব মানুষ, তাই ফেলে না দিয়ে বাজারে মাছগুলো কম দামে বিক্রি করে দিয়েছেন। তবে কেউ এ নিয়ে থানায় অভিযোগ করতে আসেনি।’ তিনি আরও বলেন, এ ধরনের মাছ রান্না করার পর খেলে কোনো অসুবিধা নেই।