মাঝি তিন লাখ, ট্রলারপ্রতি ১০ লাখ টাকা মুক্তিপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাছ ধরার ট্রলার এবং মাঝিমাল্লা অপহরণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। গত ১৫ দিনে শুধু চট্টগ্রাম ও কক্সবাজার থেকে তিনটি ট্রলার এবং ৩০ জন মাঝিমাল্লাকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। একই সময়ে চারজন খুন হয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অপহৃত ব্যক্তিদের ক্ষতি হওয়ার শঙ্কায় ট্রলারের মালিকেরা তাঁদের উদ্ধারে প্রশাসনের সাহায্য নিতেও ভয় পাচ্ছেন। প্রতিটি মাঝির জন্য তিন লাখ এবং ট্রলারের জন্য ১০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানা গেছে।
৬ সেপ্টেম্বর চালনার কলাপাড়া এলাকা থেকে এফভি মুক্তার মালা নামে ট্রলারের মাঝি আবুল খায়েরকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর তাঁর মুক্তির জন্য তিন লাখ টাকা দাবি করা হয়েছে।
মুক্তার মালার মালিক জসিম উদ্দিন বলেন, ‘অপহরণকারীরা ফোনে খায়েরের মুক্তি বাবদ তিন লাখ টাকা দাবি করেছে। আমরা এক লাখ টাকা পর্যন্ত দেব বলেছি। কিন্তু রাজি হচ্ছে না। তাকে সুন্দরবনের কাছে আটকে রেখেছে বলে শুনেছি।’
ভোলার মহিপুর এলাকা থেকে নিয়ে যাওয়া হয় এফভি সমুদা নামে একটি মাছ ধরার ট্রলার। এই ট্রলারের মালিক চট্টগ্রামের আবদুল মোমিন। ট্রলারের মুক্তি বাবদ দাবি করা হয় ১০ লাখ টাকা। বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়। একই এলাকা থেকে বাঁশখালীর ভুবন বহদ্দার নামের এক ব্যক্তির ট্রলার নিয়ে যায় বলে জানা গেছে।
এ বিষয়ে সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির মহাসচিব আমিনুল হক সরকার বলেন, ‘প্রতিটি বোটের জন্য ১০ লাখ এবং মাঝির জন্য তিন লাখ টাকা করে মুক্তিপণ চাওয়া হচ্ছে। গত ১৫ দিনে চট্টগ্রাম ও কক্সবাজারের ৩০ জনের মতো মাঝিমাল্লা নিয়ে গেছে। সারা দেশে এখন আমরা মাঝিদের পরিবারের দিকে তাকিয়ে বিষয়টা প্রশাসনকেও জানাতে পারছি না।’
সূত্রে জানা গেছে, সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির অধীনে প্রায় নয় হাজার ৬০০টি ছাড়পত্রধারী ট্রলার রয়েছে। এর বাইরে আরও প্রায় ৩৫ হাজার ট্রলার ছাড়পত্রবিহীন রয়েছে। ইলিশ মৌসুম শুরু হওয়ায় এখন বেশির ভাগ ট্রলার সমুদ্রে রয়েছে। মাছও ধরা পড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সমিতি সূত্রে জানা গেছে, যখন মাছ ধরা পড়ে তখন জলদস্যুদের উৎপাত বেড়ে যায়। কখনো ট্রলার থেকে মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায়। আবার কখনো মাছ লুট করে নিয়ে যায়। মহিপুর, কলাপড়া ও চালনা এলাকায় অপহরণের ঘটনা বেশি ঘটছে বলে জানা গেছে।
সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির সচিব সাব্বির আহমেদ বলেন, ‘মাছের মৌসুমে লুটতরাজ বেড়ে যায়। এখন আমরা মার খেলেও তা বলতে পারছি না। প্রশাসনকে বললে যদি মানুষের ক্ষতি হয় সেই শঙ্কায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অপহৃতদের পরিবারও এটা চাচ্ছে না। এখন আমরা উভয়সংকটে রয়েছি। সম্প্রতি চারজন মাঝিমাল্লাকে খুনও করেছে।’