মাটি উত্তোলনে ঝুঁকিতে সড়ক, বসতবাড়ি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সড়কের পাশ থেকে খননযন্ত্র দিয়ে মাটি তুলছেন স্থানীয় দুই ব্যক্তি। এতে সংলগ্ন পাকা সড়ক ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা যদু মিস্ত্রি পাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাকা সড়কসংলগ্ন এলাকা থেকে বসতভিটার জন্য প্রায় এক মাস ধরে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে মাটি কাটছেন স্থানীয় সালাম শেখ। এর কয়েক শ গজ পশ্চিমে আরেকটি যন্ত্র দিয়ে মাটি কাটছেন একই গ্রামের বেলায়েত মণ্ডল। কাটাখালী জিসি-তেনাপচা এলাকার এ সড়ক দৌলতদিয়া-খুলনা মহাসড়কের সঙ্গে মিশেছে।
সরেজমিনে দেখা যায়, সালাম শেখ তাঁর বাড়ির সামনে সড়কের ঢালুতে সামান্য পানিতে যন্ত্রটি বসিয়ে মাটি তুলছেন। এতে সড়কের পাশে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। পাশের জমি ও সড়কের ঢালে ভাঙন ধরেছে। উত্তোলন করা মাটি দিয়ে কয়েক গজ দূরেই উঁচু করে বসতভিটা তৈরি করা হচ্ছে। মাটি তোলার কাজে ব্যস্ত ফরিদপুরের মোমিন খাঁ হাটের জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতি হাজার ঘনফুট মাটি তুলতে সাড়ে ১ হাজার ৩০০ টাকা চুক্তিতে এক মাস ধরে কাজ করছেন। ৭০ হাজারের বেশি ঘনফুট মাটি তোলা হয়েছে। প্রয়োজনীয় মাটি তুলতে আরও এক মাস লাগবে।
সালাম শেখ বলেন, বসতভিটার জন্য প্রায় ১ লাখ ৭০ হাজার ঘনফুট মাটি তুলতে হবে। এখনো অর্ধেক কাজ হয়নি। রাস্তা থেকে প্রায় ২০ ফুট দূরত্বে নিজ জমি থেকে মাটি তুলছি। এ কারণে ঢাল সামান্য ভাঙলেও সড়কের ক্ষতি হবে না।
প্রতিবেশী সিদ্দিক শেখের স্ত্রী কমেলা খাতুন বলেন, ‘যেভাবে তাঁরা মাটি তুলছেন, তাতে রাস্তাসহ আমাদের বাড়িঘরও ভাঙবে। আমরা তাঁদের এভাবে মাটি কাটতে বারণ করেছি। এতে তাঁরা উল্টো ঝগড়া করেন।’
বেলায়েত মণ্ডলের জন্য মাটি উত্তোলন করা হচ্ছে দুটি খননযন্ত্র দিয়ে। খননযন্ত্রের মালিক লুৎফর প্রামাণিক জানান, প্রতি হাজার ঘনফুট মাটি ১ হাজার ৪০০ টাকার চুক্তিতে তিন দিন ধরে কাজ করছেন। কয়েক গজ দূরে দুটি পুকুর ভরাট করা হবে। এক মাস মাটি কাটতে হবে।
বেলায়েত মণ্ডল বলেন, ‘বাড়ির পুকুর ভরাটের জন্য মাটি তুলছি। বাইরে থেকে মাটি আনতে অনেক খরচ, তাই ড্রেজার (খননযন্ত্র) বসিয়েছি।’ এ জন্য রাস্তার ক্ষতি হবে না বলে দাবি করেন তিনি।
এলজিইডির উপজেলা প্রকৌশলী সহিদুল ইসলাম বলেন, রাস্তার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, এভাবে পাকা সড়কের পাশ থেকে মাটি কাটা ঠিক নয়। সড়ক ধসের আশঙ্কা থাকলে যাঁরা মাটি কাটছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।