মাটি কাটতে গিয়ে মিলল দেহাবশেষ
বরগুনা সদর উপজেলায় বাড়ির পেছনে পুকুর পাড়ের মাটি কাটতে গিয়ে মানুষের মাথার খুলিসহ হাড়গোড় পাওয়া গেছে। গত রোববার আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামের রাজমিস্ত্রি আক্কাস সিকদারের বাড়ির পেছনে থেকে এসব দেহাবশেষ পাওয়া যায়।
এলাকার কয়েকজন বলেন, রোববার দুপুরে আক্কাস সিকদার তাঁর বাড়ির পেছনের পুকুর পাড়ের মাটি কাটতে গিয়ে মাথার খুলিসহ হাড়গোড় দেখতে পান। ঘটনাটি তিনি এলাকার কয়েকজনকে ডেকে দেখান এবং বরগুনা থানায় খবর দেন। গতকাল সোমবার সকালে পুলিশ এসব হাড়গোড় উদ্ধার করে নিয়ে গেছে।
আক্কাস সিকদার বলেন, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর তাঁর ৯ বছর বয়সী ছেলে আউয়াল বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। বিভিন্নভাবে খুঁজেও তিনি ছেলের সন্ধান পাননি। এ ঘটনায় তিনি ওই সময় বরগুনা থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন। তাঁর ধারণা, উদ্ধার হওয়া এসব হাড়গোড় তাঁর ছেলে আউয়ালের।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, ওই হাড়গোড় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এগুলো ওই শিশুর কি না।