মাটি কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সরকারি খাস জমি থেকে মাটি কাটার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৩০ জন। আজ সোমবার সকাল আটটার দিকে খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের নাম জহুর আলী (৩৮)। তাঁর বাড়ি বাওনপুর গ্রামে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার বাওনপুর গ্রামে নিজ বাড়ির পাশের সরকারি খাস জায়গা থেকে স্থানীয় আয়াস আলী মাটি কাটছিলেন। ওই সময় এ নিয়ে একই গ্রামের সালেহ আহমদ ও তাঁর লোকজনের সঙ্গে আয়াসারে কথা-কাটাকাটি হয়। আজ সকালে এ নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে আয়াস আলী অভিযোগ করেন, ‘সরকারি খাস জায়গা থেকে মাটি কাটতে গেলে সালেহ আহমদ গংরা তাঁকে বাঁধা দেন। এরপর আজ তাঁরা অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে হামলা চালান। এতে আমাদের পক্ষের একজন নিহত ও চারজন আহত হয়েছেন।’
অপর পক্ষের সালেহ আহমদ অভিযোগ করেন, ‘সরকারি জায়গায় মাটি কাটতে আমরা আপত্তি জানালে আয়াস আলী আমাদের গালিগালাজ করেন। আমরা এর কারণ জানতে চাইলে তাঁরা আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।’
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।