মাটি কাটায় ঝুঁকিতে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় বিলের মধ্যে বাঁধ দিয়ে অবাধে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। এতে ওই এলাকার তুরাগ নদের ওপর নির্মিত একটি সেতু ঝুঁকির মুখে পড়েছে। উপজেলা প্রশাসন অভিযান চালালেও মাটি কাটা বন্ধ হচ্ছে না।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়ইবাড়ি এলাকার পশ্চিমবাইদ, ষোলহাটি ও গোপিনপুর এলাকাটি মকস বিল নামে পরিচিত। দুই মাস আগে বিলের মধ্য দিয়ে স্থানীয় ছয়জন প্রভাবশালী মাটি ব্যবসায়ী তিনটি রাস্তা তৈরি করেন। বিলের জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে সেগুলো দিনে ও রাতে নিয়ে যাওয়া হচ্ছে। এ ছাড়া বিলের মধ্যে বাঁধ দেওয়ার কারণে পানির গতিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সফিপুর-বড়ইবাড়ি আঞ্চলিক সড়কের তুরাগ নদের সেতুর উত্তর পাশের সংযোগ সড়কের পিলার ও রাস্তা ভেঙে বড়ইবাড়ি ও ষোলহাটি এলাকায় দুটি খালের ওপর আড়াআড়ি বাঁধ দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছে। মাটি কাটার যন্ত্র ও শ্রমিকের সাহায্যে গম চাষ করা জমি, খাল, খালের মুখে, সেতুর পাশে ও তুরাগ নদীর পাড়ে বিশাল গর্ত খুঁড়ে মাটি কাটা হচ্ছে। এরপর মাটি ট্রাকে করে সড়কগুলো দিয়ে নিয়ে যাওয়া হয়।
এভাবে মাটি কাটার কারণে খাল ও নদীর পাশের আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে তুরাগ নদের ওপরের সেতু ও সফিপুর-বড়ইবাড়ি, ষোলহাটি-গোপিনপুর সড়কসহ বেশ কয়েকটি সড়ক। ইতিমধ্যে অনেকের জমিতে ভাঙনের সৃষ্টি হয়েছে। বিষয়টি স্থানীয় মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানালেও কোনো লাভ হয়নি। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সম্প্রতি মাটি ব্যবসায়ী সেলিম হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন। সেই সঙ্গে ট্রাকচালককে আটক করেন। এ সময় অন্য মাটি ব্যবসায়ীরা পালিয়ে যান। ওই অভিযানের পর দু-তিন দিন মাটি কাটা বন্ধ থাকার পর আবারও মাটি কাটা শুরু হয়েছে।
কৃষক ফারুক হোসেন ও পরিতোষ সরকার বলেন, খালে বাঁধ দেওয়ায় ধানের জমি তলিয়ে যাচ্ছে। ওই এলাকার কৃষক সুরুজ, হাবেল, রুস্তম, কাদেরসহ অনেকেই একই কথা বলেন।
মাটি ও বালু ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘আমরা রেকর্ডের জমি থেকে মাটি কিনে নিয়ে যাচ্ছি। এখানে কোনো আবাদি জমি, খাল বা নদীর মাটি কাটা হচ্ছে না।’
মধ্যপাড়া ইউপির চেয়ারম্যান নাসিম কবির বলেন, তাঁরা চেষ্টা করছেন এভাবে অবাধে মাটি কাটা বন্ধ করার। কিন্তু ব্যবসায়ীরা কথা শুনছেন না।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এর আগে অভিযান চালানো হয়েছে। মাটি কাটা বন্ধ না হলে আবারও ভ্রাম্যমাণ আদালত দিয়ে অভিযান পরিচালনা করা হবে।