মাটি কাটায় বাধা দেওয়ায় মেয়রের নেতৃত্বে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীতে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে মাটি কেটে এনে নিজের বাড়ির সামনের গর্ত ভরাট করছিলেন মেয়র। পাশের সড়কটি ভেঙে যাওয়ার আশঙ্কায় তাতে বাধা দেয় এলাকাবাসী। এতে ক্ষুব্ধ মেয়রের নেতৃত্বে পাঁচটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত রোববার রাতে এ ঘটনা ঘটে। মেয়র রুকনুজ্জামান স্বীকারও করেছেন, তাঁর লোকজন কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার পাশে সাতপোয়া ইউনিয়নের দিয়ারকৃষ্ণাই গ্রামে আলতাফ হোসেন মাস্টারের বাড়ির পাশে ঝিনাই নদী থেকে মাটি তুলতে বেশ কিছুদিন আগে খননযন্ত্র বসানো হয়। সরিষাবাড়ী পৌরসভার আওয়ামী লীগ-সমর্থিত মেয়র রুকনুজ্জামানের সাতপোয়া গ্রামের বাড়ির সামনের গর্ত ভরাট করে কবরস্থান তৈরির জন্য এভাবে মাটি তোলা হচ্ছিল। এতে নদীর পাশের সাতপোয়া-বালিয়া সড়ক হুমকির মুখে পড়ে।
এলাকাবাসী জানায়, সড়ক ভেঙে পড়ার আশঙ্কায় গত রোববার সন্ধ্যায় দিয়ারকৃষ্ণাই গ্রামের আবদুর রশিদসহ এলাকার কয়েকজন মাটি কাটতে বাধা দেন। তবে তা উপেক্ষা করেই মেয়রের লোকজন খননযন্ত্র দিয়ে মাটি কাটতে থাকে। পাশাপাশি বাধা দেওয়ার খবর পৌঁছে যায় মেয়র রুকনুজ্জামানের কানে। খবর পেয়ে তিনি দলবল নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবদুর রশিদের বাড়িতে হাজির হন। এ সময় রশিদের ভাতিজা নাজিম উদ্দিনের সঙ্গে মেয়রের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেয়রের নেতৃত্বে পাঁচটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। বাড়িগুলোর মালিক আবদুর রশিদ, নাজিম উদ্দিন, আলতাফ হোসেন মাস্টার, মোহাম্মদ তারেক ও গোলাম মোস্তফা। এসব বাড়ির জানালা, দরজা ও বেড়ার টিনসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে।
আবদুর রশিদ বলেন, ‘আমাদের বাড়ির রাস্তার পাশে ঝিনাই নদীতে ড্রেজার বসিয়ে মেয়রের লোকজন মাটি কাটা শুরু করে। রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কায় আমরা তাতে বাধা দিই। এর জেরে মেয়রের নেতৃত্বে আমাদের পাঁচটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে।’
জানতে চাইলে মেয়র রুকনুজ্জামান বলেন, ‘আমার খননযন্ত্রের সঙ্গে থাকা পাইপ ভাঙচুর করা হয়েছে। আমি বাধা দেওয়ায় একটু কম ভাঙচুর হয়েছে। বাধা না দিলে আরও বেশি হতো।’
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। শুনেছি ভাঙচুর করা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’