মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার
রাজধানীর খিলক্ষেত থানার পিংক সিটি এলাকা থেকে আজ বুধবার রাতে সাইফুল কবির (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আবদুল ওয়াদুদ নামের এক ব্যক্তির মোটর গাড়ির গ্যারেজের মাটির নিচ থেকে রাত ১০টার দিকে সাইফুলের লাশ উদ্ধার করা হয়। ওয়াদুদ ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশের কাছে গোপন খবর আসে পিংক সিটি এলাকার আবদুল ওয়াদুদ তাঁর মোটর গাড়ির গ্যারেজে ব্যবসায়ী সাইফুলকে হত্যা করে লাশ মেঝেতে পুঁতে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ ওয়াদুদ ও তাঁর সহযোগী কামাল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা সাইফুলকে হত্যার কথা স্বীকার করেন। তাঁদের তথ্যের ভিত্তিতে ওই গ্যারেজের মেঝে খুঁড়ে সাইফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওয়াদুদ ও তাঁর সহযোগী কামাল জানান, সাইফুল জনশক্তি রপ্তানি ব্যবসায় জড়িত। সাইফুলের কাছে তাঁদের টাকা পাওনা ছিল। এ টাকা না দেওয়ায় তাঁরা সাত দিন আগে সাইফুলকে পিটিয়ে হত্যা করে। পরে লাশ গ্যারেজের মাটির নিচে পুতে রাখেন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ওয়াদুদ ও কামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ চলছে। তবে সাইফুলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।