চট্টগ্রাম রেলস্টেশনের পাশেই বরিশাল কলোনি। নিম্ন আয়ের কয়েক হাজার লোক এখানে বাস করেন। রেলওয়ের জায়গায় গড়ে ওঠা এই কলোনি ‘মাদক বিক্রি ও সেবনের আস্তানা’ হিসেবে পরিচিত। কিছুদিন পরপর এই কলোনিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়। বেশির ভাগ সময়ই খালি হাতে ফিরে আসতে হতো। গতকাল বুধবার সেখানে কলোনির ভেতরে মাটি খুঁড়ে ড্রামে লুকিয়ে রাখা ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। চট্টগ্রাম নগর পুলিশের ১০০ সদস্য অভিযানে অংশ নেন।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন প্রথম আলোকে বলেন, মাদকের আস্তানা হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে বুধবার ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত অভিযান চালানো হয়। কলোনির বিভিন্ন জায়গা ও ঘরবাড়িতে অভিযান চালানো হলেও কিছুই পাওয়া যায়নি। কিন্তু পুলিশের কাছে তথ্য ছিল মাটির নিচে ফেনসিডিল লুকিয়ে রাখা হয় বরিশাল কলোনিতে। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা কলোনির বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে খুঁড়ে দেখতে থাকেন।
এস এম মোস্তাইন হোসেন প্রথম আলোকে বলেন, সকাল ছয়টার দিকে দুই ফুট মাটির নিচে একটি ড্রাম এবং এর সাত থেকে আট ফুট দূরে আরেকটি ড্রাম পাওয়া যায়। দুটি ড্রাম থেকে সাত বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। সকাল সাড়ে সাতটার দিকে মাটির নিচে আরও দুটি ড্রাম পাওয়া যায়। এগুলো থেকে চার বস্তা ফেনসিডিল পাওয়া যায়। চারটি ড্রাম থেকে মোট ১১ বস্তায় ২ হাজার ৩০৬টি ফেনসিডিল পাওয়া যায়। ড্রামের ভেতর চট ও প্লাস্টিকের বস্তায় ফেনসিডিলগুলো লুকিয়ে রাখা হতো। এই ঘটনায় সদরঘাট থানায় মাদক আইনে মামলা হয়েছে। জড়িত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বরিশাল কলোনিতে ফেনসিডিলের পাইকারি ও খুচরা বেচাকেনা চলে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ। তিনি বলেন, এলাকাটি চারপাশে খোলা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাতে গেলে আগেই মাদকগুলো লুকিয়ে রাখেন ব্যবসায়ীরা। দেড় বছর আগে বরিশাল কলোনিতে মাটির নিচ থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছিল।