মাটি খুঁড়ে আবারও ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদকের আস্তানা’ হিসেবে পরিচিত চট্টগ্রাম রেলস্টেশনসংলগ্ন বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে আবারও ৯৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ বিভাগ, গোয়েন্দা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এক ফুট মাটির নিচে বিশেষ কৌশলে ড্রাম বসিয়ে তাঁর ভেতরে ফেনসিডিল লুকিয়ে রাখা হয়েছিল। মাটি খুঁড়ে ৯৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
১ মে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৪৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছিলেন বরিশাল কলোনি থেকে। এরপর ৩ মে ১১ বস্তায় ২ হাজার ৩০৬ বোতল ফেনসিডিল মাটি খুঁড়ে উদ্ধার করে পুলিশ। নিম্ন আয়ের কয়েক হাজার লোক এখানে বাস করেন।