মাটি খুঁড়ে গৃহবধূর লাশ উদ্ধার, সৎছেলে আটক
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সেলিনা বেগম নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর সৎছেলে হাফিজুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে সেলিনার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিনা (৩৫) উপজেলার আইনাকান্দি গ্রামের দুবাইপ্রবাসী তাজুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। পারিবারিক কলহের জেরে হাফিজুল (২০) গত শনিবার রাতে তাঁর সৎমা সেলিনাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তাঁর লাশ পাশের খাসগাঁও গ্রামের একটি পুকুরপাড়ে মাটিচাপা দিয়ে রাখেন। এ ঘটনায় রোববার বিকেলে হাফিজুলকে আটক করে পুলিশ থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাসাবাদ কের। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী রোববার দিবাগত রাত তিনটার দিকে ওই পুকুরপাড়ের মাটি খুঁড়ে সেলিনার লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে গতকাল সোমবার বিকেল চারটার দিকে মুঠোফোনে জানতে চাইলে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন প্রথম আলোকে বলেন, হত্যার পেছনের কারণ জানার জন্য হাফিজুলকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেলিনার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।