মাটিচাপা লাশ উদ্ধার, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কানাইনগর গ্রাম থেকে গতকাল সোমবার কাশেদ আলী (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাশের ওয়াইজনগর গ্রামের আরশেদ আলীর ছেলে।
এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাশেদের দ্বিতীয় স্ত্রী শাহিদা আক্তারসহ (২০) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাশেদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশেদের প্রথম স্ত্রী ফাহিমা আক্তারের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। কাশেদ কৃষিকাজ করতেন। দুই বছর আগে তিনি ফাহিমার ফুফাতো বোন কানাইনগর গ্রামের শাহিদাকে গোপনে বিয়ে করেন। বিয়ে হলেও শাহিদা তাঁর বাবার বাড়িতে থাকেন। গত ২২ অক্টোবর বিকেলে কাশেদ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন তাঁর কোনো সন্ধান না পেয়ে ২৩ অক্টোবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর কাশেদের মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে গত রোববার শাহিদার বড় ভাই লিয়াকত আলীর বন্ধু আজমত হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয়। এরপর রাতে শাহিদা ও লিয়াকতকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বিকেেল কানাইনগর গ্রামের একটি খেত থেকে মাটিচাপা অবস্থায় কাশেদের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
সিঙ্গাইর থানার ওসি মো. সৈয়দুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করছেন। কাশেদের প্রথম স্ত্রী ফাহিমা গতকাল ওই তিনজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।