মাটিচাপায় শ্রমিকের মৃত্যু ঘটনা গোপনের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ নদের পাড় থেকে মাটি কাটার সময় মাটির নিচে চাপা পড়ে এক শ্রমিক মারা গেছেন। তবে সংশ্লিষ্ট মাটি ব্যবসায়ী বিষয়টি ধামাচাপা দিতে পুলিশকে না জানিয়ে তাঁর লাশ বাড়ি পাঠিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা-বাগান এলাকায় গতকাল রোববার এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. সেকান্দার আলী (৩৫)। তাঁর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধরলা গ্রামে। তিনি উপজেলার নয়াপাড়া এলাকায় থেকে মাটি কাটার কাজ করতেন।
এলাকাবাসী ও অন্য শ্রমিকেরা জানান, চা-বাগান এলাকায় তুরাগ নদের পাড়ে গতকাল রোববার সকালে সেকান্দারসহ তাঁরা ১৫-১৬ জন শ্রমিক মাটি কাটার কাজ করছিলেন। এ মাটি বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছিল। নদের পাড়ে ওই জায়গাটি একটি টিলার মতো। সেটার নিচ থেকে মাটি কাটায় ওপরের অংশ ঝুঁকিপূর্ণ ছিল। গতকাল সকালে ওই স্থান থেকে মাটি কাটতে গেলে সেকান্দার মাটির নিচে চাপা পড়েন। এ সময় অন্য শ্রমিকেরা ও আশপাশের লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটি খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করেন।
শ্রমিকেরা অভিযোগ করেন, এ খবর পেয়ে মাটি ব্যবসায়ী ও ঠিকাদার ইসমাইল হোসেন পুলিশকে না জানিয়ে পরিবারের লোকজনদের চাপ দিয়ে তড়িঘড়ি করে সেকান্দারের লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন।
ইসমাইল হোসেন বলেন, অসাবধানতার কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল আলম বলেন, দুর্ঘটনার খবর শুনে তাঁরা ঘটনাস্থলে যান। কিন্তু সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন লাশ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কেউ অভিযোগ না করায় মামলা হয়নি।