মাটির নিচ থেকে রকেট লঞ্চার, গ্রেনেড, গুলি উদ্ধার
যশোর সদর উপজেলার কামালপুর গ্রামে বসতবাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এসেছে রকেট লঞ্চার, গ্রেনেড ও রাইফেলের বিপুল পরিমাণ গুলি। আজ বুধবার সকালে পুলিশ পরিত্যক্ত এসব গোলাবারুদ উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে গেছে।
উদ্ধার হওয়া গোলাবারুদের মধ্যে রয়েছে একটি রকেট লঞ্চার, একটি গ্রেনেড ও রাইফেলের ২৭৯টি গুলি।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, উদ্ধার হওয়া রকেট লঞ্চার, গ্রেনেড ও গুলিগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী পালানোর সময় এগুলো ফেলে গেছে। মাটি খোঁড়ার সময় স্থানীয় শ্রমিকেরা এগুলো পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তা উদ্ধার করেছে। সাধারণ ডায়েরির মাধ্যমে থানায় জমা রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কামলাপুর গ্রামের শামসু খাঁ নামের এক ব্যক্তি বসতবাড়ি নির্মাণের জন্য শ্রমিক দিয়ে মাটি খোঁড়ানোর কাজ করাচ্ছিলেন। মাটির দেড় থেকে দুই ফুট গভীরে যাওয়ার পরে শক্ত কোনো বস্তুতে কোদালের আঘাত লেগে শব্দ হয়। পরে পরিত্যক্ত অবস্থায় পলিথিন ব্যাগে মোড়ানো ওই লঞ্চার, গ্রেনেড ও গুলিগুলো উদ্ধার হয়।
জানতে চাইলে স্থানীয় রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর (সূতিঘাটা-কামালপুর) ওয়ার্ডের সদস্য মো. রাশেদ হোসেন প্রথম আলোকে বলেন, মাটি খোঁড়ার সময় শ্রমিকেরা ওই গোলাবারুদ খুঁজে পান।