মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ২০১৫ সালের ৫ জানুয়ারির একটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. তাজুল ইসলামের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনের ১৩ খ (১) ধারায় তাঁকে বরখাস্ত করা হয়।
তাজুল ইসলাম বলেন, ‘সারা দেশে বিএনপির মনোনীত জনপ্রতিনিধিদের ওপর মিথ্যা মামলা দায়ের করে এমনভাবে ফাঁসানো হচ্ছে। মূলত আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’
সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে মো. তাজুল ইসলাম বিএনপির মনোনয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হককে পরাজিত করে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।