খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ফারুক হোসেন ওরফে লিটনের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সামছুল হকসহ নয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন বলেন, পৌর মেয়র শামসুল হক ও আওয়ামী লীগের নেতা সুভাষের নেতৃত্বে একদল ক্যাডার রাত আটটার দিকে গোমতি বাজারে অতর্কিতে হামলা চালিয়ে তাঁর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা তাঁকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়। বিষয়টি রাতেই মাটিরাঙ্গা থানায় লিখিতভাবে জানানো হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী তোফাজ্জল হোসেন পৌর মেয়র শামসুল আলমের আপন ভাতিজা। মেয়র প্রভাব খাটিয়ে তাঁর ভাতিজাকে জয়ী করে আনতে মরিয়া হয়ে উঠেছেন।
‘বিদ্রোহী’ প্রার্থীর অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র শামসুল হক বলেন, গোমতি বাজার এলাকায় ‘বিদ্রোহী’ প্রার্থী ও তাঁর সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করে বিক্ষোভ মিছিল করেছেন। তাঁর দাবি, ‘বিদ্রোহী’ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন।