মাটিরাঙ্গায় ইউপিডিএফের সদস্যকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জ্ঞানেন্দু চাকমা (৪০)। এ হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জেএসএস (এমএন লারমা)।
মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য কিরণ চন্দ্র ত্রিপুরা বলেন, ‘বিকেল পাঁচটায় বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পরে এলাকাবাসী ও পুলিশ মিলে ঘটনাস্থলে গেলে একজনের লাশ পাওয়া যায়।’
এ ঘটনায় ইউপিডিএফের খাগড়াছড়ি জেলার সংগঠক মাইকেল চাকমা জেএসএস (এমএন লারমা) গ্রুপকে দায়ী করে বলেন, ‘জ্ঞানেন্দু চাকমা তাঁর সহকর্মীদের সঙ্গে সাংগঠনিক কাজ করার সময় মোটরসাইকেলে আসা একদল অস্ত্রধারী গুলি করে পালিয়ে যায়।’
তবে এ অভিযোগ অস্বীকার করে জেএসএসের (এমএন লারমা) ছাত্রবিষয়ক উপদেষ্টা ও সাবেক বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ধরনের হত্যাকাণ্ড হচ্ছে।’
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন বলেন, নিহত ব্যক্তি শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করার সময় লাশের পাশে একটি গুলি পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।
পাহাড়ে আঞ্চলিক সংগঠনগুলোর সংঘাতে গত আট মাসে এ নিয়ে ২৫ জন প্রাণ হারালেন। এর আগে সর্বশেষ গত ১৭ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জেএসএস (এমএন লারমা) সদস্য সুরেন চাকমাকে ব্রাশফায়ারে হত্যা করা হয় । এর আগে ৩ মে রাঙামাটির নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এর পরের দিন ৪ মে শক্তিমানের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান ৫ জন।