মাটিরাঙ্গায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার আদর্শ গ্রামের রমিজ কেরানীপাড়া এলাকার এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত সোয়া সাতটার দিকে স্থানীয় লোকজন নজরুল ইসলাম (৫১) নামের ওই ব্যক্তিকে রমিজ কেরানীপাড়া এলাকার একটি বাঁশবাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাঁরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যায় কে বা কারা নজরুলকে কুপিয়ে খুন করেছে। আমরা হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করেছি।’
নিহত নজরুল ইসলামকে পৌর কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি বলে দাবি করেছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী বাদশা মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ এ হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়।
তবে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা নিহত নজরুলকে আওয়ামী লীগের কর্মী দাবি করে বলেন, প্রতিপক্ষÿএই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নজরুল নৌকার পক্ষে কাজ করেছিলেন।
নজরুলের ছেলে মোহাম্মদ রাসেল বলেন, ‘বাবা এশার নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। এরপর আমরা বাবার রক্তাক্ত দেহ পড়ে থাকার খবর পাই। হাসপাতালে নেওয়ার পর বাবাকে মৃত ঘোষণা করা হয়। বাবার খুনের কারণ আমরা জানি না। তিনি বিএনপির সমর্থক ছিলেন।’