মাটিরাঙ্গায় গুলিতে দুজন আহত
জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের তঙ্গমহাজনপাড়ায় জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে দুই আদিবাসীকে গুলি করে গুরুতর জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত একটায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৯১ নম্বর তাইন্দ মৌজার তঙ্গমহাজনপাড়ার বাসিন্দা জ্যোতি বিকাশ তঞ্চঙ্গ্যা (৩৮) ও তাঁর স্ত্রী রিনি চাকমা (৩৪) বাড়িতে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলিতে দুজনেই গুরুতর জখম হন। তাঁদের গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র আরও জানায়, দুর্বৃত্তরা গুলি করার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা মো. রিপন হোসেন (২৩) নামে এক যুবককে আটক করে। অপর তিনজন পালিয়ে যায়। বিজিবি সদস্যরা পরে আটক রিপনকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে জ্যোতি বিকাশ তঞ্চঙ্গ্যা ও তাঁর স্ত্রী রিনি চাকমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জ্যোতি বিকাশ তঞ্চঙ্গ্যার শ্বশুর মুণিন্দ্র লাল চাকমার জমি নিয়ে পার্শ্ববর্তী এলাকার এক বাঙালির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধে শ্বশুরকে সব সময় সহায়তা দিয়ে আসছেন জ্যোতি বিকাশ তঞ্চঙ্গ্যা। মুণিন্দ্র লাল চাকমা ১৯৮৯ সালে সে সময়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেছিলেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।