নিখোঁজ হওয়ার তিন দিন পর খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার আলুটিলা পাহাড়ের রিসং ঝরনা এলাকা থেকে আজিজুল হাকিমের (২৪) লাশ উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন তিনি। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
হত্যাকাণ্ডের প্রতিবাদে মাটিরাঙ্গা মোটরসাইকেল চালক সমবায় সমিতি গতকাল বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মাটিরাঙ্গা অংশে অবরোধ করেন। এ সময় কয়েকজন পাহাড়ির ওপর হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।
চালক হত্যার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ আজ সোমবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মো. আবদুল মজিদ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, চালক নিখোঁজের ঘটনায় গত শনিবার রাতে ধন বিকাশ ত্রিপুরা নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজিজুল হাকিমের লাশ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ লোকজন এবং মোটরসাইকেল চালক সমবায় সমিতি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বিক্ষোভ এবং অবরোধ করে। গতকাল দুপুরে মাটিরাঙ্গায় গিয়ে দেখা যায়, পৌর শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে কথা হয় মোটরসাইকেল চালক সমবায় সমিতির সভাপতি ওমর ফারুকের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ২৫ ফেব্রুয়ারির মধ্যে প্রশাসন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের না করলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
মাটিরাঙ্গা থানার সামনে কথা হয় মহালছড়ি উপজেলার মনীশ চাকমা, কমল বিশু ত্রিপুরা ও সমিরঞ্জন ত্রিপুরার সঙ্গে। তাঁরা অভিযোগ করেন, চট্টগ্রাম থেকে আসার পথে মাটিরাঙ্গায় পৌঁছার পর বাস থেকে নামিয়ে তাঁদের মারধর করা হয়। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে। থানার সামনে কথা হয় আরেক বাসের যাত্রী বিপ্লব ত্রিপুরা, ধিনা ত্রিপুরা, গীতা ত্রিপুরার সঙ্গে। তাঁরা বলেন, ‘গন্ডগোল হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আমাদের বাস থেকে নামিয়ে থানায় নিয়ে আসে। আমাদের মারধর করা হয়নি।’
মাটিরাঙ্গা থানার ওসি সাহাদাত হোসেন বলেন, সকাল থেকে কিছুটা উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি শান্ত হয়। তিনি বলেন, ‘অবরোধের সময় আমরা পাহাড়ি যাত্রীদের নিরাপদ আশ্রয়ের জন্য থানায় নিয়ে আসি এবং পরিস্থিতি শান্ত হওয়ার পর তাঁরা নিজ নিজ গন্তব্যে চলে যান। পাহাড়িদের মারধরের বিষয়টি আমার জানা নেই।’
এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘লাশ উদ্ধারের খবর পেয়ে মোটরসাইকেল চালকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পরে তাঁদের সঙ্গে প্রশাসন আলোচনা করেছে। তাঁরা হত্যাকাণ্ডের বিচার, পরিবারকে আর্থিক সহায়তা, সাপমারা এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনসহ বিভিন্ন দাবি করেছেন। আমরা তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছি। ২৪ ফেব্রুয়ারি তাঁদের সঙ্গে আমরা একটি বৈঠক করব।’
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল হক গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে।
ইউপিডিএফের নিন্দা: মাটিরাঙ্গায় নিরীহ পাহাড়িদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনের তথ্য বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজিজুল হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অনুসন্ধান না করে পাহাড়িদের ওপর দোষ চাপানো ও হামলা কাম্য হতে পারে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।