মাটিরাঙ্গায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি এলাকা থেকে গতকাল রোববার বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহজাহান জানান, গতকাল সকালে অভিযান চালিয়ে কিশোর ত্রিপুরা (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ইতালির তৈরি একটি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। কিশোর ত্রিপুরার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে মাটিরাঙ্গা থানায় একটি মামলা রয়েছে। তিনি জানান, কিশোর ত্রিপুরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন খান বলেন, কিশোর ত্রিপুরা জনসংহতি সমিতির (এম এন লারমা) সক্রিয় সদস্য।
এদিকে জনসংহতি সমিতির (এম এন লারমা) সহ-তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, মাটিরাঙ্গায় কিশোর ত্রিপুরা নামে তাঁদের কোনো কর্মী আছে বলে তাঁর জানা নেই।