মাটিরাঙ্গায় মস্তকবিহীন লাশ উদ্ধার
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর রাবার বাগান এলাকা থেকে কার্তিক চন্দ্র ত্রিপুরা ওরফে কাতিয়া (৬৫) নামের এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
কার্তিক চন্দ্র ত্রিপুরার বাড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লম্বাছড়া এলাকায়।
কার্তিক চন্দ্র ত্রিপুরার মেয়ে আমলি ত্রিপুরা বলেন, বুধবার সকালে তাঁর বাবা মাটিরাঙ্গা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে ২ নম্বর রাবার বাগান এলাকায় রাস্তার ওপর রক্ত দেখা যায়। পরে স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা থানায় খবর দেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর বাবার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, রক্তের উৎস খুঁজতে গিয়ে পাহাড়ের খাদে মাটিচাপা দেওয়া মস্তকবিহীন লাশটি পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।