মাঠ থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের নৈহাটি মাঠ থেকে আজ শনিবার সকালে পুলিশ দুই যুবকের লাশ উদ্ধার করেছে। এঁরা হচ্ছেন শহরের ব্যাপারীপাড়া এলাকার মফিজুর রহমান (২৮) ও একই এলাকার কোরবান আলীর ছেলে মনিক হোসেন (২৭)।

নিহত দু’জন মামাতো-ফুপাতো ভাই। মফিজুর রহমানের মামাতো ভাই মানিক।

নিহত দুজনের একজনের পরিবার বলছে হোটেল খাবার খাওয়ার সময় কে বা কারা তাঁদের তুলে নিয়ে যায়। আর পুলিশের ভাষ্য, তাঁরা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মফিজুর রহমানের ভাই আলমগীর হোসেন বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এরা দু’জন নিজ এলাকা থেকে শহরের পায়রা চত্বর এলাকার একটি হোটেলে খেতে যায়। সেখান থেকে কে বা কারা তাদের দু’জনকে তুলে নিয়ে যায়। এরপর রাতে তাঁরা আর বাড়ি ফেরেনি।

মানিকের ভাই রতন মিয়া বলেন, সকালে তাঁরা খোঁজ পান তেতুলবাড়িয়া গ্রামের মাঠে দুটি লাশ পড়ে আছে। সেখানে ছুটে গিয়ে তাঁরা লাশ দুটি শনাক্ত করেন।

এ ব্যাপারে শহরের পায়রা চত্বর এলাকার হোটেলগুলোতে খোঁজ নিতে গেলে তারা জানিয়েছেন, তাদের হোটেল এলাকা থেকে কাউকে উঠিয়ে নিয়ে যেতে তারা দেখেননি।

এলাকাবাসী অবশ্য বলছে, এরা দু’জনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাঁরা দীর্ঘদিন পাড়ায় এই ব্যবসা করে আসছিল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে তেতুলবাড়িয়া গ্রামের নৈহাটি মাঠের মধ্যে দুটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পুলিশ সেখান থেকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। তিনি আরও জানান, লাশের পাশে তিন প্যাকেট ইয়াবা ও একটি ছুরি পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।