মাঠ দখল করে বাণিজ্য মেলা, পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠ দখল করে ১৩ এপ্রিল থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির উদ্যোগে এ মেলা হচ্ছে। এতে বিদ্যালয়ের খেলার মাঠ খোঁড়াখুঁড়ি করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাঠদান ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের মাঠে ১৩ এপ্রিল থেকে মেলা শুরু হলেও প্রস্তুতি হিসেবে আর ১০ দিন আগে থেকেই বিদ্যালয়ের মাঠজুড়ে চলে খোঁড়াখুঁড়ি, ইট ও টিন দিয়ে স্টল নির্মাণের কাজ। টিনের বেড়া দিয়ে পুরো মেলার সীমানা ঘেরা হয়েছে, প্রবেশপথে নির্মাণ করা হয়েছে পাকা তোরণ। মাঠ খুঁড়ে বিরাট গর্ত করে তৈরি করা হচ্ছে ফোয়ারা। ১২ মে মেলা শেষ হওয়ার কথা থাকলেও মাঠ পরিষ্কার ও সংস্কার করতে আরও কিছুদিন সময় লাগবে। প্রতিদিন মেলা বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে। এতে বিদ্যালয়ের খেলার মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।
কয়েকজন শিক্ষক অভিযোগ করে বলেন, মেলা চলার কারণে বিদ্যালয়ের মাঠে অ্যাসেম্বলি (সমাবেশ) হয় না। প্রায় এক মাস বিভিন্ন শ্রেণির শারীরিক শিক্ষার ক্লাস হয় না। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন অজুহাতে ক্লাস ফাঁকি দিয়ে মেলায় সময় কাটায়। এ ছাড়া ছুটির পর অনেক শিক্ষার্থী মেলায় ঢুকে পড়ে। অনেকেই মেলায় আধঘণ্টা থেকে এক ঘণ্টা সময় কাটিয়ে বাড়ি ফেরে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলে, বিদ্যালয়ের মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজনে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। তারা একদিকে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বিঘ্নিত হবে শিক্ষার পরিবেশ। এ ছাড়া বিভিন্ন উপলক্ষে বিদ্যালয়ের মাঠ ব্যবহার হয়। কিন্তু সুষ্ঠুভাবে মাঠ সংস্কার করা হয় না। এতে মাঠে অসংখ্য খানাখন্দ থেকে যায়। খেলতে গিয়ে শিক্ষার্থীদের পা মচকায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবকও একই মত প্রকাশ করেন।
বিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক জাবেদ আখতার বলেন, ‘বিদ্যালয়ের মাঠ ছিল খুব সুন্দর। কিন্তু বিভিন্ন জাতীয় দিবস ও নানা উপলক্ষ ঘিরে এ খেলার মাঠ খোঁড়াখুঁড়ি করে মেলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে। এবার হচ্ছে মাসব্যাপী বাণিজ্য মেলা। এতে মাঠে ব্যাপক খোঁড়াখুঁড়ি হয়েছে। মাঠের সৌন্দর্যহানির পাশাপাশি পাঠদান ব্যাহত হচ্ছে।’
মেলার জন্য মাঠের ক্ষতি ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফ বলেন, ‘আমার কাছে যখন মতামত চেয়েছিল তখন আমি আমাদের সমস্যার কথা উল্লেখ করে পত্র দিয়েছিলাম। কিন্তু আমি সরকারি চাকরি করি, অনেকের কথাই শুনতে হয়। কী করব বলেন?’ এ ব্যাপারে জেলা প্রশাসক মাহমুদুল হাসান বলেন, মেলা করার মতো শহরে জায়গা না থাকায় ওই বিদ্যালয় মাঠে তা করার অনুমতি দেওয়া হয়েছে। এতে মাঠের কিছু সৌন্দর্যহানি ঘটবে। তবে মাঠটি পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। মেলার আয়োজনের জন্য অনেক শর্ত দেওয়া আছে। সেগুলো অনুসরণ করলে শিক্ষার্থী ও নাগরিকদের খুব সমস্যা হবে না। শর্তগুলো ভঙ্গ হলে মেলার অনুমতি বাতিল করা হবে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি এরফান আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।