মাঠ দখল নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিরোধপূর্ণ একটি ফুটবল খেলার মাঠ দখলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জমির দাবিদারদের সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার মজারপোতা গ্রামে ওই ঘটনা ঘটে। সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মজারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ফুটবল মাঠটির মোট আয়তন ২ একর ৩৭ শতক। মাঠটি মজারপোতা গ্রামে অবস্থিত হলেও তা পার্শ্ববর্তী বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবহার করে থাকে। সম্প্রতি মজারপোতা গ্রামের ঝড়ু মণ্ডলের ছেলে জলিল মণ্ডল মাঠের ৬৬ শতক জমি নিজেদের দাবি করেন। দাবি অনুযায়ী তাঁরা গতকাল সকালে ৬৬ শতক জমি মেপে নিয়ে বাঁশের বেড়া দিয়ে ঘের দিতে থাকেন। খবর পেয়ে বিষ্ণুপুর বিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করে বেড়া দেওয়া অব্যাহত রাখলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিষ্ণুপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা মাঠ থেকে বেড়া উচ্ছেদ করতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।
এ সময় পুলিশ সদস্য গোলাম রসুল, গ্রামের বাসিন্দা পানসো আরা ও শরীফ নামে দুজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০টি শটগানের গুলি ছোড়ে। এ সময় চামেলি খাতুন (২০) ও আবদুল হান্নান (৩০) গুলিতে আহত হন। খবর পেয়ে দামুড়হুদা থানা এবং বিষ্ণুপুর, ভগীরথপুর, লক্ষ্মীপুর ও হোগলডাঙ্গা ক্যাম্পের পুলিশ সদস্যরা গ্রামে অভিযান শুরু করে।
সরেজমিনে গতকাল দুপুরে মজারপোতা গ্রামে ওই খেলার মাঠে বিপুলসংখ্যক পুলিশসহ গ্রামবাসীকে দেখা যায়। পুলিশ সদস্যদের একটি অংশকে মাঠ থেকে বাঁশের বেড়া সরিয়ে নিতে এবং অপর অংশকে গ্রামের তল্লাশিতে ব্যস্ত থাকতে দেখা যায়। মাঠের উত্তর দিকে প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান অভিযান তদারক করছিলেন।
পুলিশ ঘটনাস্থল থেকে জলিল মণ্ডল, রবিউল ইসলাম ও সাথী খাতুন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। আহত ব্যক্তিদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষ্ণুপুর উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল আলম বলেন, তাঁর জানামতে জলিল মণ্ডলের বাবা ঝড়ু মণ্ডল ৬৬ শতক জমি মৌখিকভাবে বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে দান করেন।
জুড়ানপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, সর্বশেষ রেকর্ড (আরএস) অনুযায়ী বিরোধপূর্ণ জমির ৬৬ শতকের মালিক জলিল মণ্ডল। তবে শ্রেণি হিসেবে খেলার মাঠ উল্লেখ রয়েছে। বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া দরকার।
দামুড়হুদা থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে আটক তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।