মাঠে কাজ করার সময় অপহরণের শিকার কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় গত বুধবার রাতে মাঠে কাজ করার সময় অপহরণের শিকার হয়েছেন মোশারফ হোসেন (৪৫) নামের এক কৃষক। পরিবার বলছে, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।

মোশারফের বাড়ি উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চককল্যাণপুর গ্রামে। তিনি গ্রামের মৃত আজের উদ্দীনের ছেলে।

এলাকার কয়েকজন বলেন, চককল্যাণপুর গ্রামের একটি মাঠে খেতে সেচ দিচ্ছিলেন কৃষক মোশারফ হোসেন ও আলফাজ উদ্দীন (৩৮)। রাত সাড়ে নয়টার দিকে একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে প্রথমে তাঁদের মারধর করে। এরপর আলফাজকে আহত অবস্থায় ফেলে রেখে মোশারফকে তুলে নিয়ে যায় তারা। খবর পেয়ে গ্রামের লোকজন আলফাজকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এদিকে মোশারফের স্ত্রী হাজেরা খাতুন প্রথম আলোকে বলেন, একই গ্রামের বাসিন্দা চান্দ আলীর সঙ্গে আড়াই বিঘা জমি চাষ করা নিয়ে তাঁদের বিরোধ চলে আসছে। এর জেরেই মোশারফকে অপহরণ করা হয়েছে।

তবে চান্দ আলীর মেয়ে সাবিনা ইয়াসমিন বলেন, জমিটির মালিক পাশের গ্রামের স্বপন নামের এক ব্যক্তি। সেটি বর্গা নিয়ে তাঁর বাবা চান্দ আলী ৩০ বছর ধরে চাষ করে আসছিলেন। সম্প্রতি স্বপন জমিটি মোশারফের কাছে বর্গা দেন। এ নিয়ে স্বপন ও চান্দ আলীর বিরোধ হয়, এটা ঠিক। কিন্তু মোশারফের সঙ্গে কোনো বিরোধ নেই। সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, মোশারফ অপহরণের শিকার হওয়ার পর পুলিশ তাঁদের বাড়িতে আসে। এ সময় তাঁর ভাই জগত আলীকে তুলে নিয়ে গেছে তারা।

তবে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মোশারফকে অপহরণের ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযান চালালেও মোশারফকে উদ্ধার করা যায়নি।