মাঠে খেলা, তাই পাশের সড়ক বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে ফুটবল খেলা। তাই মাঠের পাশের সড়কে যানবাহন চলতে দেয়নি পুলিশ। এতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
গতকাল শুক্রবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের জোটপুকুর পাড়সংলগ্ন মাঠে এই ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। আহমদুল্লাহ-যতুর্মা ট্রাস্ট ফুটবল টুর্নামেন্ট নামের এই প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় সাংসদ মইন উদ্দীন খান বাদলের ভাই মনির উদ্দিন খান। খেলায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মইন উদ্দীন খান বাদল। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. ইউনুছ, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন।
এই প্রতিযোগিতায় অংশ নেয় দুটি দল।
সাংসদের মা-বাবার নামে আহমদুল্লাহ-যতুর্মা ট্রাস্ট গঠন করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, খেলার কারণে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাঠের পাশের বেংগুরা ডিসি সড়কে যান চলাচল বন্ধ রাখে পুলিশ। এতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে স্থানীয় লোকজনকে।
স্থানীয় বাসিন্দা মামুনুল ইসলাম বলেন, জরুরি চিকিৎসার জন্য তিনি তাঁর খালাকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচ্ছিলেন। কিন্তু জোটপুকুর পাড়সংলগ্ন মাঠের পাশের সড়ক বন্ধ থাকায় তাঁকে অন্য রাস্তা দিয়ে হাসপাতালে যেতে হয়। খেলার জন্য এভাবে রাস্তা বন্ধ রাখা ঠিক হয়নি।
স্থানীয় সাংবাদিক সাইফুদ্দিন খালেদ বলেন, তিনি বেংগুরা ডিসি সড়ক হয়ে গাড়ি নিয়ে অনুষ্ঠানে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ তাঁকে বাধা দেয়। তাঁর অভিযোগ, এ সময় পুলিশ তাঁকে লাঞ্ছিত করে।
বোয়ালখালী থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।