মাঠে হেরে পথে মার
কিশোরগঞ্জের বাজিতপুরে হ্যান্ডবল খেলায় হেরে শহরের বেগম রহিমা বালিকা উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষকের নেতৃত্বে একদল শিক্ষার্থী পিটিয়েছে বিজয়ী নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের। নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের আহত ১১ জন শিক্ষার্থীর মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে স্কুলপর্যায়ে গ্রীষ্মকালীন হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়। গতকাল দুপুরে উপজেলা ডাকবাংলো মাঠে ওই দুটি স্কুলের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা হয়। বিজয়ী নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের অভিযোগ, হেরে যাওয়ার পর মাঠের মধ্যেই তাদের গালমন্দ করেন শিক্ষিকা সুফিয়া আক্তার। খেলা শেষ হয় বেলা একটার দিকে। পরে সুফিয়া আক্তার প্রতিযোগিতায় অংশ নেওয়া তাঁর বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে শহরের হরিসভা এলাকায় সড়কে অবস্থান নেন। বেলা তিনটার দিকে নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের ছুটি হয়। ওই সড়ক অতিক্রম করার সময় নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের পোশাক পরা শিক্ষার্থীদের ওপর লাঠি নিয়ে চড়াও হন তিনি। আহত শিক্ষার্থীদের মধ্যে শবনম বেগম ও তামান্নাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক শাহ মো. আফজাল বলেন, ‘পরাজয়ের ক্ষোভ থেকে শিক্ষক সুফিয়া কিছু শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আমাদের ছাত্রীদের মেরে আহত করেছেন।’ তবে বেগম রহিমা বালিকা উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক সুফিয়া আক্তার দাবি করেছেন, খেলা চলার সময় তাঁকে উসকানিমূলক কথা বলা হয়। তিনি বাধ্য হয়ে ‘প্রতিহত’ করেন।