মাঠের জায়গায় বস্তি
মিরপুর ১৩ নম্বরে অবস্থিত শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, প্রবেশমুখের ফুটপাতে কাঁচাবাজার ও মাছের দোকান। বিদ্যালয়ের মাঠ থাকলেও মাঠের সঙ্গে বস্তির মতো বেশ কিছু টিনের ঘর। সেখানে মানুষের বসবাস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্রপালী বসাক জানান, এটি বিদ্যালয়ের জায়গা। মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তি জায়গাটি দখল করে ঘর বানিয়ে ভাড়া দিচ্ছেন। তবে সম্প্রতি আদালতের রায়ে জায়গাটি বিদ্যালয়ের পক্ষে এসেছে। তিনি জানান, মাঠের জায়গাটি এভাবে দখল হয়ে থাকায় শিশুদের খেলাধুলা করতে সমস্যা হচ্ছে। শিশুরা খেলতে গেলে বাধা দেওয়া হয়। ময়লা ফেলে রাখা হয়। মামলায় জেতার পর বিষয়টি ঢাকা জেলা প্রশাসনকে জানানো হয়েছে। এবার উচ্ছেদ করে বিদ্যালয়ের জায়গাটি ফিরিয়ে আনা সম্ভব হবে বলে শিক্ষকদের আশা।
এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ২০০ এর কিছু বেশি। দুই পালায় পড়ানো হয়।
কথা বলার জন্য দখলদার মো. জাহাঙ্গীরের খোঁজে ঘরগুলোতে গেলেও তাঁকে পাওয়া যায়নি। কেউ তাঁর মুঠোফোন নম্বরও দিতে রাজি হয়নি।