মাঠের বারোটা বাজিয়ে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কুরিরডোপ মাঠ নষ্ট করে আয়োজন করা হচ্ছে হস্ত ও বস্ত্রশিল্প মেলা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
নড়াইলের কুরিরডোপ মাঠ নষ্ট করে আয়োজন করা হচ্ছে হস্ত ও বস্ত্রশিল্প মেলা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট হাইস্কুলে (ভিসি স্কুল) বসেছে মাসব্যাপী হস্ত ও বস্ত্রশিল্প মেলা। এ জন্য খোঁড়াখুঁড়ি করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করায় বারোটা বেজেছে খেলার মাঠের। যে মাঠ জন্ম দিয়েছে মাশরাফি বিন মুর্তজা, শ্যামলী রায়, বিপাশা ও শর্মিলার মতো খেলোয়াড়দের।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মণিপুরি তাঁত শিল্প কল্যাণ ফাউন্ডেশন, জামদানি-বেনারসি কল্যাণ ফাউন্ডেশন ও গোপালগঞ্জ হ্যান্ডলুম অ্যাসোসিয়েশন নামের তিনটি সংস্থা এ মেলার আয়োজন করেছে। পৃষ্ঠপোষকতা দিচ্ছেন স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পৌর মেয়র শেখ আহম্মেদ আলী মির্জা গত বৃহস্পতিবার বিকেলে মেলা উদ্বোধন করেন।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠ খুঁড়ে ইট-বালু-সিমেন্ট দিয়ে মেলার প্রবেশদ্বার বানানো হয়েছে। মাঠের মাঝখানে গোলাকার বৃত্ত করে পানির ফোয়ারা ও মঞ্চ তৈরি করা হয়েছে। স্টল বসাতে চারপাশে গর্ত খুঁড়ে পোঁতা হয়েছে অসংখ্য বাঁশ। ট্রাক ও পিকআপে করে মালামাল আনায় নষ্ট হয়েছে মাঠ। অবশ্য বালু দিয়ে সেগুলো ভরাট করে চলাচলের উপযোগী করার চেষ্টা হয়েছে।

স্থানীয় ক্রীড়াবিদ-ক্রীড়ামোদী ও এলাকাবাসী বলছেন, এই মাঠ জন্ম দিয়েছে ক্রিকেট তারকা ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মুর্তজা, অলিম্পিকে সুযোগ পাওয়া আর্চারি শ্যামলী রায়, জাতীয় নারী ফুটবল দলের সদস্য বিপাশা ও শর্মিলার মতো অসংখ্য খেলোয়াড়ের। সেই মাঠে এখন প্রতিবছর বসছে হস্ত ও বস্ত্রশিল্প মেলা। এ জন্য দীর্ঘদিন বন্ধ থাকছে খেলাধুলা। আবার মেলার নামে এখানে চলছে লটারি ও জুয়ার আসর।

দক্ষিণ নড়াইল গ্রামের আবু তৈয়ব ও মাছিমদিয়া গ্রামের ইলিয়াছ হোসেন বলেন, আশপাশের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও চারটি গ্রামের ছেলেমেয়েরা এই মাঠে ফুটবল, ভলিবল, ক্রিকেট ও হকি নিয়মিত অনুশীলন করে থাকে। জাতীয় দলের কয়েকজন মেয়ে ফুটবলার এখানে সারা বছরই অনুশীলন করেন। সারা বছর আয়োজন করা হয় বিভিন্ন টুর্নামেন্টের।

স্থানীয় ফুটবলার আশীষ বিশ্বাস, আবু কালাম ও টিপু সরদার এবং ক্রীড়ামোদী ইসমাইল হোসেন ও দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, মেলার মাধ্যমে প্রশাসনের কর্মকর্তাসহ গুটি কয়েক ব্যক্তির পকেট ভারী হবে। ওদিকে খোঁড়াখুঁড়ি করায় মাঠটি কয়েক মাস খেলার অনুপযোগী হয়ে পড়বে। আবার মেলার নামে লটারি এবং জুয়ার আসর বসলে বিভিন্ন অপরাধ বাড়তে পারে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে সরকারি ভিক্টোরিয়া কলেজ, শিব-শংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপগঞ্জ বালিকা বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক বলেন, সামনে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও জেএসসি পরীক্ষা রয়েছে। এমন সময় মেলা বসানোয় শিক্ষার্থীরা অসুবিধায় পড়বে।

ভিসি স্কুলের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল বলেন, পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস স্কুল পরিচালনা কমিটির সভাপতি। কিছুদিন আগে তিনি মাঠ ব্যবহারের কথা জানিয়েছিলেন। তিনি সভাপতি হওয়ায় এ বিষয়ে আপত্তি করেননি।

জানতে চাইলে মেয়র জাহাঙ্গীর বিশ্বাস বলেন, প্রতিবছরই এ মাঠে মেলা হয়ে আসছে। এবারও হচ্ছে। জেলা প্রশাসক মেলার অনুমতি দিয়েছেন। মাঠ নষ্ট হলে পরে তা ঠিক করে দেওয়া হবে।

জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ বলেন, মেলার নামে কোনো অশ্লীল এবং অনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। আর মেলা শেষে আয়োজকেরা মাঠ সংস্কার করে দেবে, এমন শর্তে অনুমতি দেওয়া হয়েছে।

তবে গত বছর মেলার মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়লেও তা ঠিক করে দেয়নি আয়োজকেরা। পরে খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজস্ব উদ্যোগে মাঠটি খেলাধুলার উপযোগী করেছিলেন।