মাঠের হাট সরাতে বলায় অধ্যক্ষ কলেজছাড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ থেকে হাট সরিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় ও আদালতের আদেশ মানছে না হাট কমিটি। এ ছাড়া আদেশের কপি ফটকে ঝুলিয়ে দেওয়ায় একটি প্রতিষ্ঠানের অধ্যক্ষকে ওই কমিটি তিন মাস ধরে কলেজে আসতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার বাউসী বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজ ১৯৬৮ সালে ও বাঙ্গালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ছয় একরের একটি খেলার মাঠ রয়েছে। এ মাঠে দীর্ঘ ৪০ বছর ধরে প্রতি রবি ও বুধবার হাট বসছে। ফলে এ দুই দিন প্রতিষ্ঠান দুটির দেড় হাজার শিক্ষার্থী ওই মাঠে খেলাধুলা করতে পারছে না। তা ছাড়া হাটের দিন ক্রেতা-বিক্রেতার কলরব ও যানবাহনের শব্দে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে সমস্যা হয়। ফলে হাটের দিন চারটি ক্লাস শেষে বিদ্যালয় ছুটি দেওয়া হয়। এমনকি দুর্গন্ধের কারণে হাটের পরের দিনও শ্রেণিকক্ষে টেকা দায় হয়ে পড়ে।
বাঙ্গালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলেরা বেগম বলেন, বিদ্যালয়ের মাঠে হাট বসানোয় শিক্ষার্থীরা সেখানে খেলতে পারে না। হাটের কারণে ক্লাসেও তারা মন দিয়ে পড়াশোনা করতে পারে না।
বাউসী বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. শামীম হোসেন বলেন, হাট থেকে তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠান বর্জ্য ছাড়া আর কিছু পায় না।
স্থানীয় সাংসদ মামুনুর রশিদ জোয়ার্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সালমা জাহান স্বাক্ষরিত এক চিঠিতে ওই মাঠ থেকে হাট সরিয়ে দিতে জামালপুর জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু আজও ওই নির্দেশ বাস্তবায়ন হয়নি। এমতাবস্থায় কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের ওই চিঠির কপি গত ১ মে প্রতিষ্ঠানের ফটকে ঝুলিয়ে দেন। এ ছাড়া তিনি গত ৩ মে হাট সরিয়ে দিতে জেলা জজ আদালতে মামলা করেন। ৬ জুন আদালতের বিচারক ইমাম হাসান বিদ্যালয়ের মাঠে হাট বসানোর ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন।
অধ্যক্ষ এসব উদ্যোগ নেওয়ায় হাট কমিটির তোপের মুখে পড়েছেন। তিনি অভিযোগ করে বলেন, সরকারি আদেশ কলেজের ফটকে লাগানোর কারণে হাট কমিটির লোকজন গত তিন মাস তাঁকে কলেজে যেতে দিচ্ছে না। এ ছাড়া তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে। স্থানীয় মহাদান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনায় গত ৪ জুন অধ্যক্ষ ও তাঁর পরিবারের পাঁচজনকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা করা হয়।
তবে বাউসী বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. গিয়াস উদ্দিন পাঠান বলেন, অধ্যক্ষ একক সিদ্ধান্তে প্রতিষ্ঠানের ফটকে তালা ও মন্ত্রণালয়ের চিঠির কপি ঝুলিয়ে দেওয়ায় হাট কমিটির লোকজন তাঁর ওপর ক্ষিপ্ত হয়েছেন। এ কারণে তিনি কলেজে আসতে পারেন না।
বিদ্যালয়ের মাঠে হাট বসানো ঠিক হয়নি বলে স্বীকার করেন বাউসী হাট কমিটির সভাপতি নজির হোসেন। তিনি বলেন, জায়গা দেখে অন্যত্র হাট সরিয়ে নেওয়া হবে। হাট কমিটি অধ্যক্ষকে কলেজে আসতে বাধা দেয়নি বলেও দাবি করেন তিনি।
জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান বলেন, হাট সরানোর ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ তিন মাসেও কার্যকর না করার কারণ জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
সরিষাবাড়ীর ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, জেলা প্রশাসক তাঁকে কোনো নির্দেশ দেননি। চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।