মাতলামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলায় একটি পূজামণ্ডপে এক ব্যক্তির হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। মদ্যপ অবস্থায় স্থানীয় রাজেশ কুমার দেব (৩২) নামের এক যুবক ওই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে এবং হামলায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সতাল এলাকার অগ্রগামী সংঘ পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন দত্তের ছেলে পূজামণ্ডপের কোষাধ্যক্ষ বাপ্পী দত্ত, বাপ্পীর স্ত্রী মুক্তা দত্ত, বাপ্পীর মা নয়নতারা দত্ত এবং পূজামণ্ডপের পুরোহিত কুকিল চক্রবর্তী। বাপ্পী দত্তকে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাঁর স্ত্রী মুক্তা দত্তকে ওই হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সরেজমিনে স্থানীয় কয়েকজনসহ আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে অগ্রগামী সংঘ পূজামণ্ডপে কালীপূজার শেষ পর্যায়ের অনুষ্ঠান চলছিল। তখন স্থানীয় স্বপন কুমার দেবের ছেলে মদ্যপ অবস্থায় রাজেশ কুমার দেব মণ্ডপে ঢুকে প্রথমে প্রসাদ নষ্ট করেন এবং মূর্তির কাপড় তছনছ করেন। তিনি অকথ্য ভাষায় উপস্থিত সবাইকে গালাগাল করতে থাকেন। এ সময় বাধা দিতে গেলে তিনি পুরোহিত কুকিল চক্রবর্তীর ওপর হামলা করেন। কুকিলের মুখের ভেতর তিনি প্রসাদ ও মদের বোতল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত কুকিল দৌড়ে পাশের বাড়িতে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। এরপর হামলাকারী পূজামণ্ডপের কোষাধ্যক্ষ বাপ্পী দত্তকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন। এ সময় বাপ্পীর স্ত্রী মুক্তা ও মা নয়নতারা এগিয়ে এলে হামলাকারী মুক্তার মাথার ডান পাশে চাপাতি দিয়ে কোপ দেন এবং নয়নতারাকে কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে হামলাকারী রাজেশকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীর মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় বাপ্পী দত্ত বাদী হয়ে রাজেশ কুমারের বিরুদ্ধে আজ দুপুরে থানায় মামলা করেছেন। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং হামলায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।