মাতামুহুরী নদীতে বিষ দিয়ে মাছ হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার প্রধান নদী মাতামুহুরীতে বিষ প্রয়োগ করে মাছ হত্যা করছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে নদীতে বিষ প্রয়োগের ঘটনা ঘটানো হয়। এতে নদীর তলদেশ থেকে মাছসহ বিভিন্ন জীববৈচিত্র্য মরে ভেসে উঠছে। আর এসব মরা মাছ সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েছে স্থানীয় লোকজন।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গত সোমবার রাতের আঁধারে একশ্রেণির মৎস্য শিকারী মাতামুহুরী নদীর চকরিয়া পৌরসভার বাঁশঘাটা, লক্ষ্যারচর, ফাঁসিয়াখালীর হাজিয়ানের মুখ ও কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি এলাকায় বিষ প্রয়োগ করে। পরদিন সকাল থেকে নদীর বিভিন্ন পয়েন্টে মরা মাছ ভেসে ওঠে। এসব মরা মাছ বিষাক্ত জানার পরও লোকজন মাছ ধরতে মশারি জাল নিয়ে নেমে পড়েছে। তবে নদীর পানি বিষাক্ত হয়ে পড়ায় স্থানীয়দের গোসলসহ দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে।
ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ানের মুখ এলাকার শওকত ওসমান নামের একজন শিক্ষক বলেন, প্রতিবছর শুষ্ক মৌসুমে মাতামুহুরী নদীতে বিষ ঢেলে মাছ শিকার করা হয়। কিন্তু যারা এসব কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় দুর্বৃত্তরা প্রতিবছর বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়ে চলেছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাঈনউদ্দিন বলেন, নদীতে বিষ প্রয়োগকারী দুর্বৃত্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মৎস্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
চকরিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, গত বছরও নদীতে বিষয় ঢেলে মাছ হত্যা করা হয়েছিল। সরেজমিনে গিয়েও তখন কারও নাম বের করা সম্ভব হয়নি। এসব বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন হয়ে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের কাছে সোর্পদ করতে হবে। এর পরও মৎস্য বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।