মাতাল যুবলীগ নেতার আঘাতে এসআই আহত?
নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত রোববার গভীর রাতে যুবলীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে মাতাল অবস্থায় পুলিশের উপপরিদর্শককে (এসআই) আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার গভীর রাতে ফতুল্লার রোশন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, রোববার রাতে এসআই কাজী এনামুল থানায় দায়িত্ব পালন শেষে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। রিকশা থেকে নামার পর মাতাল অবস্থায় যুবলীগের নেতা মনির হোসেনসহ আরও কয়েকজন এনামুলের সামনে এসে হইচই ও গালিগালাজ শুরু করেন। এনামুল নিজের পরিচয় দিয়ে এর কারণ জানতে চান। একপর্যায়ে এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এ সময় মনির রড দিয়ে এনামুলের মাথায় আঘাত করেন। খবর পেয়ে থানা থেকে এসআই আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে এনামুলকে উদ্ধার ও মনিরকে আটক করেন। মনিরের সঙ্গীরা পালিয়ে যান। এ সময় মনিরের কাছ থেকে চারটি বিয়ার উদ্ধার করা হয়। মনির মাতাল থাকায় তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ওসি কামাল উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি এবং বিয়ার উদ্ধারের ঘটনায় আরেকটি মামলা হয়েছে।