মাতুয়াইলে নিখোঁজের ১০ দিন পর লাশ উদ্ধার
মাতুয়াইলে নিখোঁজ হওয়ার ১০ দিন পর মো. কাজল (৩৫) নামের এক ব্যক্তির গলিত লাশ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার পশ্চিম মাতুয়াইলের একটি জলাশয় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, মাতুয়াইলের স্কুল রোডের একটি বাসায় থাকতেন কাজল। গত ২৪ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন সকালে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর লাশ পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনের মধ্যে তুহিন ও সুমনকে আটক করা হয়েছে। অন্যজনকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন হত্যার কথা স্বীকার করেছেন।
যাত্রাবাড়ী থানার এসআই মোখলেছুর রহমান বলেন, ওয়াসার জলাশয়ে কচুরিপানার নিচে ছিল লাশটি। পচে যাওয়ায় গন্ধ বের হয়েছিল।