মাতৃত্বকালীন ভাতার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়নে দুস্থ মায়েদের মাতৃত্বকালীন ভাতার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসেল আহমেদ ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সেজুনা আক্তারের বিরুদ্ধে এই অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ইউনিয়নের বলরামপুর গ্রামের ইসলাম উদ্দিন ও নূর ইসলাম নামের দুজন কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত বৃহস্পতিবার বিকেলে এই লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চামরদানী ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতার তালিকা অনুযায়ী ৭৬ জন সুবিধাভোগী রয়েছেন। গত বছরের ডিসেম্বরে এই তালিকা করা হয়। সরকারি বিধি অনুযায়ী দুই সন্তানের বেশি সন্তান নেই, এমন দরিদ্র গর্ভবতী মায়েদের এই সুবিধার আওতায় আসার কথা। কিন্তু সদস্য ওয়াসেল আহমেদ ও সেজুনা আক্তার মিলে বিধিবহির্ভূতভাবে ইউনিয়নের ১১ জন নারীর কাছ থেকে টাকা নিয়ে তাঁদের তালিকাভুক্ত করেছেন। এই ১১ জন হলেন বলরামপুর গ্রামের বেবী আক্তার, রৌশনারা, শাহানা, হাসনা হেনা, মোছা. বদরুন্নাহার, হাসু খাতুন, চায়না আক্তার, মুক্তা বেগম, নিলুফা আক্তার এবং আলেহারপুর গ্রামের বিকুলা খাতুন ও বিউটি বেগম।

অভিযোগকারী চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামের কৃষক নূর ইসলাম (৩৫) বলেন, গর্ভবতী দরিদ্র মায়েদের এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার কথা। দুই সন্তানের বেশি সন্তান থাকা কোনো মা এই তালিকায় থাকতে পারবেন না। কিন্তু ওয়াসেল আহমেদ ও সেজুনা আক্তার মিলে যে ১১ জনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, তাঁদের মধ্যে কেউ আছেন, যিনি গর্ভবতীই নন। আবার কেউ আছেন চার থেকে পাঁচ সন্তানের জননী। ওই ১১ জন নারী চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ভাতার প্রথম কিস্তির টাকা উত্তোলন করেছেন। এ নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে সুবিধাভোগী এসব নারীর কারও সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি।

তবে ওয়াসেল আহমেদ ও সেজুনা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা কারও কাছ থেকে টাকা নিয়ে মাতৃত্বকালীন ভাতার তালিকায় নাম তোলেননি। বিধি অনুযায়ীই সবকিছু করা হয়েছে। তাঁদের বিপাকে ফেলতে স্থানীয় একটি পক্ষ এ ধরনের মিথ্যা অপবাদ রটাচ্ছে।

চামরদানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না বলেন, ইউপি সদস্যরা এই তালিকা তৈরি করেছেন। মাতৃত্বকালীন ভাতা পাওয়ার যোগ্য নন, এমন কারও নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হলে তদন্ত সাপেক্ষে তা বাদ দেওয়া হবে।

ইউএনও মামুন খন্দকার বলেন, ‘এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’