মাত্র ২০০ টাকার জন্যই নরসুন্দর হরিদাস খুন
সারা দিনে সেলুনে কাজ করে জমানো ২০০ টাকা ও একটি পুরোনো সাইকেলের জন্যই বগুড়ার ধরমপুর বাজারের নরসুন্দর হরিদাস চন্দ্রকে গলা কেটে হত্যা করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে গ্রেপ্তার তিন ছিনতাইকারীর মধ্যে বগুড়া শহরের নিশিন্দারা মণ্ডলপাড়ার পান্না (২১), গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া আকবাটির ভবিষ্যৎ ওরফে রনি (২০) গতকাল মঙ্গলবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কামরুজ্জামানের আদালতে ১৬৪ ধারায় এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া শহরতলির গোদারপাড়ার জনিকে (২৬) দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জবানবন্দি দেওয়ার আগে গতকাল পিবিআই বগুড়া কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন বলেন, পান্না ও রনি সরাসরি হরিদাস খুনের সঙ্গে জড়িত। তাঁদের আরেক সহযোগী সুলতান এখনো পলাতক। আর হরিদাস হত্যায় ব্যবহৃত চাকু ছাড়াও একটি ছোড়া ও একটি চাপাতি উদ্ধার হয়েছে জনির কাছ থেকে। এ জন্য তাঁকেও এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
৩ সেপ্টেম্বর রাতে শহরতলির ধরমপুর বাজারের সেলুন থেকে বড়কুমিড়া শ্বশুরবাড়ি ফেরার পথে হরিদাসকে গলা কেটে হত্যা করা হয়। তাঁর মরদেহ পরদিন সকালে রাস্তার পাশের একটি ধানখেত থেকে উদ্ধার হয়। হরিদাসের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার হরিপুর গ্রামে হলেও তিনি সপরিবারে বসবাস করতেন বগুড়া সদরের বড় কুমিড়া হিন্দুপাড়ার শ্বশুরবাড়িতে।
জবানবন্দিতে পান্না ও রনি উল্লেখ করেছেন, ৩ সেপ্টেম্বর রাতে তাঁরা দুজন ছাড়াও সহযোগী সুলতান বগুড়া শহরতলির ঝোপগাড়ি-বড় কুমিড়া সড়কে মুখোশ পরে ওত পেতে ছিলেন। রাত পৌনে ১২টার দিকে ধরমপুর বাজার থেকে সাইকেল চালিয়ে বড় কুমিড়ার দিকে আসছিলেন নরসুন্দর হরিদাস। এ সময় হরিদাসের পথরোধ করেন তাঁরা। সুলতান হাতে থাকা চাকু ধরেন হরিদাসের গলায়। রনি ও পান্না বাইসাইকেল ও পকেট থেকে ২০০ টাকা ও মুঠোফোন কেড়ে নেন। এ সময় ধস্তাধস্তি ও চিৎকার দেওয়ার চেষ্টা করলে সুলতানের চাকু লেগে হরিদাসের গলা সামান্য কেটে যায়। ধস্তাধস্তিতে সুলতানের মুখোশ খুলে যায় এবং হরিদাস তাঁকে চিনে ফেলেন। এরপর সুলতান হরিদাসকে গলা কেটে হত্যা করেন।
আকতার হোসেন দাবি করেন, গ্রেপ্তার হওয়া পান্না ও রনি এবং তাঁদের পলাতক সহযোগী সুলতান তিনজনই দিনের বেলা বাসের সহকারী হিসেবে কাজ করেন। রাতে নেশার টাকার জন্য শহর ও শহরতলিতে ছিনতাই করতেন। অন্যদিকে জনি পেশাদার মোটরসাইকেল ছিনতাইকারী। পান্নার সঙ্গে সুলতানের পরিচয় হয় কারাগারে।