মাথা গরম হওয়ায় আলীকে ছুরি মারেন পুরজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল আলী তালুকদার
আবদুল আলী তালুকদার

সিলেটে মদনমোহন কলেজে ছাত্রলীগ কর্মী আবদুল আলী তালুকদার (১৯) হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছাত্রলীগ কর্মী পুরজিৎ দাস ওরফে প্রণজিৎ। এতে তিনি ‘মাথা গরম হয়ে যাওয়ায় আলীকে ছুরিকাঘাত করেন’ বলে স্বীকার করেছেন।
গতকাল শনিবার দুপুরে সিলেট মহানগর হাকিম (আদালত-৩) আনোয়ারুল হকের আদালতে জবানবন্দি দেন পুরজিৎ দাস। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জানান, জবানবন্দি রেকর্ডের পর পুরজিৎকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জবানবন্দি দেওয়ার আগে পুরজিতের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি সিলেটের ওসমানীনগরের বুড়িখাল সেতুর নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। পুরজিতের বাড়ি ওসমানীনগরের গোয়ালাবাজারে।
ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে গত বুধবার নিজ সংগঠনের কর্মীদের ছুরিকাঘাতে খুন হন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগ কর্মী আবদুল আলী। ওই দিন বিকেলে পুরজিৎকে আটক করে পুলিশ। পরের দিন বৃহস্পতিবার আবদুল আলীর বাবা আলকাস আলী বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় পুরজিৎসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই দিন পুরজিৎকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গতকাল দুপুরে তাঁকে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত দুই ঘণ্টা জবানবন্দি দেন পুরজিৎ। আদালত তাঁর জবানবন্দি আট পৃষ্ঠায় রেকর্ড করেন। কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের মধ্যে ‘জুনিয়র-সিনিয়র’ দ্বন্দ্বের কারণে আলীকে ছুরিকাঘাত করা হয় বলে স্বীকার করেন পুরজিৎ। পুরজিৎ জবানবন্দিতে উল্লেখ করেন, কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর মাথা গরম হয়ে গিয়েছিল। ভয় দেখাতেই তিনি ছুরি বের করেছিলেন। একপর্যায়ে তিনি ছুরিকাঘাত করেন। এতে যে আলীর মৃত্যু হবে, তা তিনি বুঝতে পারেননি।
পুলিশ সূত্রে জানা গেছে, আলী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি পুরজিৎ ছাড়াও আঙ্গুর মিয়া নামের ছাত্রলীগের আরেক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে রাহুল দেব নামের ছাত্রলীগের আরেক কর্মীকে গ্রেপ্তার করা হয়। পুরজিৎ ও আঙ্গুরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে গতকাল দুপুরে পুরজিৎকে আদালতে হাজির করলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। তাঁর জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করা হয়।