মাথা থেঁতলে যুবলীগ কর্মীকে হত্যা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে গতকাল রোববার রাতে সন্ত্রাসী হামলায় যুবলীগের এক কর্মী খুন হয়েছেন। ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামের লতিফের বাপের পোল এলাকায় গতকাল রাত ১০টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই দুই যুবককে আটক করা হয়েছে।

খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সুধারাম থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহত রেদোয়ান একই গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।

প্রথম আলোকে দেওয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজেদ ওরফে ইমনের ভাষ্য, রেদোয়ান যুবলীগের কর্মী হলেও ছাত্রলীগের স্থানীয় কর্মীদের সঙ্গেই বেশি চলাফেরা করতেন। তিনি দাবি করেন, গতকাল রাতে দলীয় একটি কর্মসূচির প্রচার চালাতে ওই এলাকায় গেলে ছাত্রদল-শিবিরের কর্মীরা তাঁকে নৃশংসভাবে হত্যা করেন।

আজ সোমবার সকালে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, ঘটনাটির সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। একই গ্রামের রুবেল নামের এক ছেলের মুঠোফোন ও জুয়ার আসর থেকে টাকা নিয়ে আসা-সংক্রান্ত বিরোধের জের ধরে রেদোয়ান খুন হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। হামলাকারীরা রেদোয়ানের মাথায় আঘাত করে থেঁতলে দিয়েছে।

ওসি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে রাতে ওই এলাকা থেকে দুই যুবককে আটক করা হয়েছে। থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তবে ঘটনার বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে আজ সকাল পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি।