মাথা থেকে ধড় চার কিলোমিটার দূরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় একটি কলেজ ভবনের ফটক থেকে ফিরোজ মোল্লা (৩৫) নামের এক ব্যক্তির কেটে নেওয়া মাথা উদ্ধার করেছে পুলিশ। কাটা মাথাটি একটি ব্যাগে ভরে ফটকে ঝুলিয়ে রাখা হয়েছিল। পরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চার কিলোমিটার দূরে এক মাঠে ফিরোজের দেহের বাকি অংশ পাওয়া যায়।
সদর উপজেলার আলামপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে গতকাল শনিবার সকালে মাথাটি উদ্ধার করা হয়। নিহত ফিরোজ সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আবদালপুর গ্রামের মৃত গিয়াস মোল্লার ছেলে। পুলিশ বলছে, তিনি একজন ডাকাত ছিলেন এবং এই অপরাধে কারাভোগও করেছেন।
স্থানীয়রা বলেন, গতকাল ভোরে কলেজের ফটকে ঝুলতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে রক্ত ঝরছিল। ব্যাগ খুলে দেখা যায়, ভেতরে একজন মানুষের কাটা মাথা। তাঁর মুখে আটকানো কাগজে মুঠোফোনের দুটি নম্বর লেখা ছিল। খবর পেয়ে স্থানীয় দহকলা ক্যাম্পের পুলিশ মাথাটি উদ্ধার করে। এর ঘণ্টা খানেক পরই প্রায় চার কিলোমিটার দূরে গোবিন্দপুকুর এলাকায় মাঠ থেকে ফিরোজের শরীরও উদ্ধার করে পুলিশ। বেলা ১১টার দিকে ফিরোজের শ্যালক আকাম উদ্দীন মাথা ও ধড় শনাক্ত করেন।
নিহত ব্যক্তির প্রতিবেশী ও স্থানীয় ব্যক্তিরা বলেন, গত শুক্রবারও ফিরোজকে গ্রামের পাশে হরিনারায়ণপুর বাজারে ঘুরতে দেখা গেছে। শ্যালক আকাম উদ্দীন বলেন, শুক্রবার বিকেল পর্যন্ত ফিরোজ বাড়িতেই ছিলেন।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, ফিরোজ মহাসড়কে ডাকাতি করতেন। তাঁর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁকে মাঠে হত্যা করে মাথা ও শরীর আলাদা স্থানে রেখে যায়।