মাথা ফাটানোর পর মানববন্ধনেও বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের এক নেতার ছেলের বিরুদ্ধে চাঁদা না পেয়ে ইট ছুড়ে এক ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে আয়োজিত ব্যবসায়ীদের মানববন্ধনেও আওয়ামী লীগের নেতারা বাধা দিয়েছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, বাঘা উপজেলার পুরোনো বাসস্ট্যান্ড বাজারের ব্যবসায়ী এমদাদুল হক খানের কাছে গত রোববার বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুসের ছেলে সেলিম রেজা ও ভাই মিলটন ওরফে মিঠু এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা ইট ছুড়ে এমদাদুল হকের মাথা ফাটিয়ে দেন। এ ব্যাপারে এমদাদুলের বোন শরিফা বাদী হয়ে সেলিম ও মিঠুর বিরুদ্ধে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মালামাল কেনার সুবাদে এমদাদুলের ব্যবসাপ্রতিষ্ঠান খান মটরসে গিয়ে মাঝেমধ্যেই সেলিম ও মিঠু চাঁদা দাবি করতেন। চাঁদা দিতে না চাওয়ায় প্রাণনাশের হুমকিও দিতেন তাঁরা। সর্বশেষ গত রোববার এমদাদুলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। চাঁদার এ টাকা দিতে না চাওয়ায় মাথায় ইট ছোড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে ব্যবসায়ীরা মানববন্ধনের প্রস্তুতি নেন। এতে আওয়ামী লীগের ওই নেতা ও তাঁর ছেলেরা বাধা দেন। এ ঘটনার ছবি তুলতে গেলে তাঁরা স্থানীয় এক সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁদের প্রতিরোধে এগিয়ে এলে স্থানীয় এক ব্যবসায়ী ও পুরোনো বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতিসহ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ধস্তাধস্তি হয়।
এ ব্যাপারে আবদুল কুদ্দুস বলেন, তাঁর ছেলের কাছে ছয় লাখ টাকা ছিল। সেই টাকা কেড়ে নেওয়ায় এ ঘটনা ঘটেছে। তবে এমদাদুলকে কে মেরেছেন—এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। আর মানববন্ধনে বাধা দেওয়ার ঘটনাও সত্য নয় বলে তিনি দাবি করেন।