মাথা রক্তাক্ত করে সারানো হতো জন্ডিস!
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে অপচিকিৎসার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক কবিরাজকে তিন লাখ টাকা জরিমানা করেছেন। কবিরাজের নাম আব্দুর রশিদ (৪৫)। তিনি পাবনা জেলার রবিন নগর গোবিন্দা গ্রামের বাসিন্দা এবং পাবনা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক কার্যালয়ের গাড়িচালক ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কথিত ওই কবিরাজ সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে প্রতি শুক্রবার দিনব্যাপী জন্ডিস রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। প্রায় এক মাস ধরে বিভিন্ন স্থান থেকে আসা জন্ডিস রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। চিকিৎসার কৌশল হিসেবে তিনি প্রথমে ব্লেড দিয়ে মাথার মাঝের কিছু অংশের চুল কেটে ন্যাড়া করতেন। এরপর কাকিলা মাছের ধারালো ঠোঁট দিয়ে ন্যাড়া স্থানে আঘাত করে রক্ত বের করে সেখানে সিঁদুর, তেল ও গাছ-গাছড়ার রস দিয়ে তৈরি পেস্ট লাগিয়ে দিতেন। এ কাজে তাঁর ছেলে সাব্বির হক ও কয়েক সহযোগী সহায়তা করতেন। গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুন রাজীবের নেতৃত্বে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় কবিরাজসহ তাঁর ছেলে সাব্বির হোসেনকে আটক করা হয়। তখন জিজ্ঞাসাবাদে ওই কবিরাজ দোষ স্বীকার করায় তাঁদের তিন লাখ টাকা জরিমানা করা হয়। পরে রাতে জরিমানা পরিশোধ করার পর মুচলেকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন শেখ মো. মনজুর রহমান প্রথম আলোকে বলেন, চুল কেটে মাছের কামড় দিয়ে রক্তাক্ত করে জন্ডিসের যে চিকিৎসা দেওয়া হতো, তা অপচিকিৎসা মাত্র। এটা অপবিজ্ঞান। এসব তথাকথিত কবিরাজদের বিচার হওয়া উচিত।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুল রাজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুর রশিদ রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়ার পরিবর্তে কাকিলা মাছের ঠোঁটের কাটা দিয়ে রক্তাক্ত করে অপচিকিৎসা দিচ্ছেন। একই ব্লেড দিয়ে একাধিক লোকজনের মাথার চুল ন্যাড়া করে নানা গাছগাছালির ওষুধ লাগাচ্ছেন। তিনি কবিরাজ নয় বলেও শিকার করেছেন। যে কারণে তাকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে টাকা পরিশোধ করায় মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।