মাথায় গুলিতে পুলিশ কনস্টেবল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে শুক্রবার সকালে গুলিতে তুষার কান্তি দে নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ বলছে, তদন্ত কেন্দ্রের ব্যারাকে (শয়নকক্ষে) নিজের রাইফেলের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন।

তুষার কান্তি দে (২৮) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার রহমতগঞ্জ গ্রামের মৃণাল কান্তি দের ছেলে। তিনি ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে ডিউটি শেষ করে কনস্টেবল তুষার কান্তি দে তদন্ত কেন্দ্রের ব্যারাকের দোতলার শয়নকক্ষে ঘুমাতে যান। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। এরপর ওই কক্ষে গিয়ে দেখা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় তুষার মেঝেতে পড়ে আছেন। এরপর দ্রুত তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আমিনুর রহমান বলেন, রক্তাক্ত দেহ উদ্ধারের সময় রাইফেলটি তুষারের পাশেই পড়েছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা অন্য কোনো কারণে তিনি নিজের গুলিতে আত্মহত্যা করেছেন ।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ওয়াহিদুজ্জামান বলেন, বেলা একটার দিকে পুলিশ সদস্য তুষার কান্তি দেকে এই হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বেলা তিনটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ছুটে আসেন বান্দরবান জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা। সাড়ে তিনটার দিকে হাসপাতালে তুষারের মৃতদেহ দেখতে যান কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক ও কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন।

হাসপাতালের বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা সাংবাদিকদের বলেন, নিজের গুলিতেই পুলিশ সদস্য তুষার আত্মহত্যা করেছেন। কিন্তু কেন তিনি এ পথ বেছে নিলেন, এর কারণ অনুসন্ধান করা হচ্ছে।